আরবি বছরের চতুর্থ মাস রবিউস সানি। এ মাসের ফজিলত সম্পর্কে ফাজায়েলে শুহুর ও জামুখী নামক কিতাবদ্বয়ে আছে যে, ১ম আমল : এ মাসের প্রথম রাত্রে মাগরিবের নামাযের পর ও ইশার নামাযের পূর্বে নিম্নের নিয়মে আট রাকাত নফল নামায আদায় করলে আল্লাহ তাকে অনেক ছওয়াব দান করবেন। এ নামায দুই দুই রাকাত করে আট রাকাত পড়তে হয়। নিয়ম : প্রথম রাকাতে সুরা ফাতিহার সঙ্গে তিনবার সুরা কাওছার ও দ্বিতীয় রাকাতে সুরা ফাতিহার সঙ্গে তিনবার সুরা কাফিরূন ও সুরা ইখলাছ পড়তে হয়।
জাওয়াহেরে গায়েবী কিতাবে আছে, এ মাসের প্রথম তারিখের রাত্রে চার রাকাত নফল নামায আদায় করলে ৯০ (নব্বই) হাজার বছরের ছাওয়াব পাওয়া যায় ও ৯০ (নব্বই) হাজার বছরের গুনাহ মাফ হয়। নিয়ম : প্রতি রাকাতে সুরা ফাতিহার পরে সূরা ইখলাছ পড়তে হয়।
২য় আমল : রবিউসসানী মাসের প্রথম বৃহস্পতিবার দিবাগত রাত্রে গোসল করে একটি নিরিবিলি কক্ষে লোবান ও আগরবাতি জ্বালিয়ে সুঘ্রাণ করে নতুন বা উত্তম পোশাক পরিধান করে ৪১ (একচল্লিশ) বার এই দোয়া পড়বে।
১. উচ্চারণ: ইয়া হান্নানু আতাল্লাযী ওয়াসা’তা কুল্লা শাইয়্যির রাহমাতাওঁ ওয়া ই’লমান ইয়া হান্নানু। তার পর সূরা মুযযাম্মিল একবার পড়ে পুনরায় ৪১ (একচল্লিশ) বার প্রথম দোয়া পড়বে। তারপর একবার সুরা মুযযাম্মিল পড়ে দ্বিতীয় দোয়াটি ৪১ (একচল্লিশ) বার পড়বে। ২. উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নী আসয়ালুকা আন তাসখারালী খুদ্দামা হাযিহিশ শুরাতিশ শারীফাতি বিহাক্বক্বি লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিতাবে আছে যারা এ আমল করবে তাদের মনের বাসনা ও কামনা আল্লাহ পুরা করে দিবেন। ইহ-পরলৌকিক সাফল্য হাছিল হবে।
৩য় আমল: বিভিন্ন কিতাব ও ফাজায়েলে শুহুর কিতাবে আছে এ মাসের ১৫ (পনের) তারিখ ও শেষ তারিখে মাগরিবের পর ও ইশার নামাযের আগে দুই দুই রাকাত করে চার রাকাত নামায পড়লে অনেক নেকী হাছিল হয়।
৪র্থ আমল: এক বর্ণনায় আছে, এ মাসের শেষ রাত্রে দুই রাকাত নামায আদায় করলে আমলকারীর জন্য আল্লাহ কবর আজাব মাফ করে দিবেন ও আমলকারী দুনিয়াতে সুখ-শান্তিতে থাকবে।
৫ম আমল: এক রেওয়ায়েতে আছে, এ মাসের প্রথম সপ্তাহের যে কোনো দিন দুই রাকাতের নিয়তে চার রাকাত নামায আদায় করলে ও নিম্নের দুরূদ শরীফ পড়লে আমলকারীর শত্রু দমন হয় ও ধন-সম্পদ বৃদ্ধি পায়। নিয়ম: প্রতি রাকাতে
সুরা ফাতিহার পর সুরা ইখলাছ ১১ (এগার) বার পড়বে । এ দুরূদ ১০০০ (এক হাজার) বার পড়বে।
উচ্চারণ: আল্লাহুম্মা ছাল্লি আ’লা মুহাম্মাদিনিন নাবিয়্যিল উম্মিয়্যিছছা-দিক্বিল আমীনি ওয়া আ’লা আলিহী ওয়া আসহাবিহী ওয়া রাবিক ওয়া সাল্লিম।