কক্সবাজারের চকরিয়ার ফাসিয়াখালী ইউনিয়নের দক্ষিণ ছাইরাখালীতে বন্যহাতির আক্রমণে ইসমত আরা বেগম(৩৫) নামে অন্তঃসত্ত্বা এক নারীর মৃত্যু হয়েছে। ইসমত আরা বেগম ওই এলাকার মো. আলমগীরের স্ত্রী। সোমবার (২৩ জুন) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, রাত সাড়ে ৯ টার দিকে একদল বন্যহাতি শাবকসহ ছায়রাখালী এলাকায় আসে। এসময় ইসমত আরার পালিত কুকুর হাতি শাবককে আক্রমণের চেষ্টা করে। এ সময় ক্ষিপ্ত হয়ে একটি হাতি ঘরের চালা ভেঙে ঘরে ঢুকে ইসমত আরাকে শুঁড় দিয়ে আছড়ে মৃত্যু নিশ্চিত করে চলে যায়। এসময় ইসমত আরার আরো চার সন্তান মায়ের পাশে ছিল। তাদের কোন ক্ষতি করেনি হাতি। কক্সবাজার উত্তর বন বিভাগের ফাঁশিয়াখালী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মেহেরাজ উদ্দিন বলেন, মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মারা যাওয়া নারী রিজার্ভ বনের ভিতর ঝুপড়ি ঘর তৈরি করে বসবাস করতেন। ওই এলাকাটা হাতির বিচরণ ক্ষেত্র। চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতিকুর রহমান জানান, বন অধিদপ্তরের নিয়ম মোতাবেক হাতির আক্রমণে নিহত নারীর পরিবারকে সহায়তা করা হবে।