নড়াইলে জেলা প্রশাসনের আয়োজনে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) শীর্ষক প্রকল্পে জেলা পর্যায়ে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক জুলিয়া সুকায়নার সভাপতিত্বে এ কর্মশালায় গ্রাম আদালত সম্পর্কিত নানা তথ্য তুলে ধরেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ^াস, জেলা তথ্য অফিসার মো: রোস্তম আলী, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো: মনিরুজ্জামান, বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়েভ ফাউন্ডেশনের জেলা ব্যবস্থাপক মো: জেনারুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার শাখার সহকারি কমিশনার নুরেন মায়িশা খান, ওয়েভ ফাউন্ডেশনের লোহাগড়া উপজেলা সমন্বয়কারী রেজমিন সুলতানা, নড়াইল সদর উপজেলা সমন্বয়কারী মো: ওমর ফারুক, কালিয়া উপজেলা সমন্বয়কারী বাকিয়া সুলতানা নিলাসহ বিভিন্ন এনজিও কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। বক্তারা বলেন, গ্রাম আদালত চালু থাকায় ক্ষুদ্র ও প্রান্তিক জনগোষ্ঠী বিনাখরচে আইনী সেবা পাচ্ছেন।এই আদালতে ৩লক্ষ টাকা মূল্যমানের বিরোধ নিস্পত্তি সম্ভবপর হচ্ছে।গ্রাম্য সালিশ কোন আইনী কাঠামো নয়। গ্রাম্য আদালতের রায় আইনী কাঠামোতে স্বীকৃতি পায়।সমাজের সুবিধাবঞ্চিত,অসহায় ও দুস্থ নারী-পুরুষ কোন আইনজীবী নিয়োগ ছাড়াই নিজে গ্রাম আদালতে মামলা দায়েরের মাধ্যমে ন্যায্য বিচার পেতে পারেন। ওয়েভ ফাউন্ডেশনের জেলা ব্যবস্থাপক মো: জেনারুল ইসলাম জানান, জেলার ৩উপজেলার ৩৯টি ইউনিয়নে গ্রাম আদালত চালু রয়েছে। গত ২০২৪ সালের জানুয়ারি মাস থেকে ২০২৫ সালের মে মাস পর্যন্ত জেলার ৩৯টি ইউনিয়ন গ্রাম আদালতে মোট ৯২১টি মামলা দায়ের হয়। এর মধ্যে ৮৮৮টি মামলা নিস্পত্তি হয়েছে।নিস্পত্তির শতকরা হার ৯৬.৪১ এবং বাস্তবায়নের শতকরা হার ৯৮.৬৪।জমির মূল্যমানসহ টাকা আদায় হয়েছে ১কোটি ২লক্ষ ৬৩হাজার ৯৮০টাকা।