লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে আবারও সাতজনকে পুশইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। (২৪ জুন) মঙ্গলবার ভোররাতে বাউরা ইউনিয়নের হোসনাবাদ সীমান্ত দিয়ে এঘটনা ঘটে। পরে বর্ডার গার্ড বিজিবি সদস্যরা তাদের হেফাজতে নিয়ে থানা পুলিশের নিকট হস্তান্তর করে। বিজিবি পুলিশ ও স্থানীয়রা জানায় হোসনাবাদ সীমান্তের ৮৮২ নম্বর মেইন পিলারের ২ নম্বর সাব পিলারের নিকট দিয়ে মঙ্গলবার ভোররাতে ভারতের কোচবিহার জেলার ১৫৭ বিএসএফ ব্যাটালিয়নের মহেশমারী ক্যাম্পের বিএসএফ সদস্যরা সাতজনকে বাংলাদেশে পুশইন করে। এদের মধ্যে তিনজন শিশু, দুইজন পুরুষ ও দুইজন নারী রয়েছে। খবর পেয়ে বাউরা নবীনগর বিজিবি ক্যাম্পের সদস্যরা স্থানীয় গ্রামবাসীর সহায়তায় পুশইনকৃত নারী, শিশু, পুরুষদের আটক করে খারিজা জোংড়া এলাকার একটি বিদ্যালয়ে আটকে রাখে। পরে বিজিবি মঙ্গলবার দুপরে তাদের থানা পুলিশের নিকট হস্তান্তর করে। যাদের পুশইন করা হয়েছে তারা হল মৃত আব্দুর রহিমের ছেলে মো. কাওসার(৭০) তার ভাই মো. খুরশিদ(৫০) কাওসারের স্ত্রী মুন্নী খাতুন(৬০) খুরশিদের স্ত্রী তারা বেগম(৪৫) তাদের মেয়ে সানিয়া(১৭) রাজিয়া(১৫) ও আমেনা(৮) এরা খুলনার মেট্রোপলিটন, হাউজিং বাজার এলাকার খালিশপুর থানার বাসিন্দা বলে প্রাথমিক ভাবে পুলিশ জানিয়েছে। পাটগ্রাম থানার ওসি মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান পুশইনকৃতদের নাগরিকত্ব খতিয়ে দেখা হচ্ছে। তাদের পরিবারের সাথে যোগাযোগ করা হচ্ছে। নিশ্চিত হলে তাদের নিকট হস্তান্তর করা হবে।