নওগাঁর বদলগাছীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী, বদলগাছী উপজেলা শাখার আয়োজনে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল সোয়া ৫ টায় বদলগাছী সরকারি মডেল পাইলট হাইস্কুল মাঠ থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তার মোড়ে এসে শেষ হয়। মিছিল শেষে চৌরাস্তার মোড়ে জামায়াতে ইসলামী বদলগাছী উপজেলা শাখার আমীর মাওলানা ইয়াছিন আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, ঢাকা মহানগর উত্তরের সহ-সেক্রেটারী মাওলানা মাহফুজুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কৃষিজীবী শ্রমিক ইউনিয়নের নওগাঁ জেলা আমীর জাহাঙ্গীর আলম, জেলা জামায়াতে ইসলামীর বায়তুল মাল সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, মাওলানা ইলিয়াস আলী, মাওলানা লুৎফর রহমান প্রমুখ। প্রধান অতিথি মাওলানা মাহফুজুর রহমান তাঁর বক্তব্যে বলেন, জুলাই সনদ অতি দ্রুত বাস্তবায়ন করতে হবে, পিআর পদ্ধতিতে নির্বাচন করতে হবে, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে, জুলাই গণ-অভ্যুত্থানের সময় অপরাধীদের দৃশ্যমান বিচার শুরু করতে হবে এবং ফ্যাসিবাদী আওয়ামীলীগ,জাতীয় পার্টি সহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। আর যারা বলছেন পিআর বোঝেন না, তারা বর্তমান সংবিধান অনুযায়ী নির্বাচন করতে চান।তাহলে তো ২০২৬ সালে কোন নির্বাচন হওয়ার কথা নয়। তারা ২০২৯ সালে নির্বাচনে অংশ নিবেন। তা কি তারা করবেন? কাজেই অতি সত্ত্বর দাবীগুলো মেনে নিয়ে পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন করতে সরকারের প্রতি আহবান জানান।