চট্টগ্রামের মিরসরাই উপজেলায় পরিবেশ দূষণ রোধ ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের লক্ষ্যে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে প্রশাসন। রবিবার (১৯ অক্টোবর) দুপুরে করেরহাট ইউনিয়নের আজম নগর এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদের। অভিযান চলাকালে অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত কাউকে পাওয়া না গেলেও প্রশাসন ৩টি শ্যালো মেশিন ও প্লাটফর্ম অচল করে দেয়। এছাড়া প্রায় ১৫০ ফুট দীর্ঘ পাইপ লাইনসহ তেল ভর্তি জেরিকেন ও অন্যান্য যন্ত্রপাতি বিনষ্ট করা হয়। এর কয়েক মাস আগেও উক্ত স্থানে বালু উত্তোলন করা হয়। সংবাদ সংগ্রহে গেলে সাংবাদিককে হেনস্তা করা হয়। ঐ সময় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের বলেন, অবৈধভাবে বালু উত্তোলন পরিবেশের ভারসাম্য নষ্ট করে এবং কৃষিজমির ক্ষতি সাধন করে। এসব কর্মকা-ের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে। পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় কাউকেই ছাড় দেওয়া হবে না। তিনি আরও জানান, বালু উত্তোলনে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পরিবেশ সংরক্ষণে উপজেলা প্রশাসন সবসময় সচেষ্ট থাকবে। অভিযানে স্থানীয় পুলিশ ও উপজেলা ভূমি অফিসের কর্মকর্তারা সহযোগিতা করেন।