সম্প্রতি বিজ্ঞানীরা এমন একটি প্রোটিন আবিষ্কার করেছেন, যা ক্ষুধা নিয়ন্ত্রণ ও ওজন নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এই প্রোটিনটির নাম এমআরএপি-২। গবেষকরা একে ক্ষুধা নিয়ন্ত্রণের ‘গোপন সুইচ’ হিসেবে অভিহিত করছেন।
এমআরএপি-২ মূলত মস্তিষ্কের কোষে থাকা এমসি৪আর (মেলানোকর্টিন-৪ রিসেপ্টর) নামের রিসেপ্টরের কার্যক্রমকে সক্রিয় করে। এমসি৪আর হল মস্তিষ্কের একটি সংবেদী স্নায়ু, যা পেপটাইড হরমোন এমএসএইচ দ্বারা সক্রিয় হয়। বিজ্ঞানীরা দেখেছেন, এমসি৪আর-এ কোনো মিউটেশন থাকলে শরীর স্থূল হওয়ার ঝুঁকি বেড়ে যায়।
জার্মানির সিআরসি ১৪২৩ নামের গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীরা খিদে ও ওজন নিয়ন্ত্রণ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে দেখেছেন, এই রিসেপ্টর সক্রিয় থাকলে মস্তিষ্ক বুঝতে পারে যে পেট ভরে গেছে। তখন খাবারের প্রতি আকর্ষণ কমে যায়। কিন্তু রিসেপ্টর ঠিকমতো কাজ না করলে মানুষ অজান্তেই বেশি খায়, যা দীর্ঘমেয়াদে স্থূলতার ঝুঁকি বাড়ায়।
গবেষক দলের নেতৃত্বে রয়েছেন প্যাট্রিক স্কিরার। তিনি জানান, রিসেপ্টরের ত্রিমাত্রিক ছবি তোলা হয়েছে, যা দেখিয়েছে সাধারণ আয়ন ও সেটমেলানোটাইড ওষুধের সংস্পর্শে রিসেপ্টর সক্রিয় হয়ে ওঠে। সেটমেলানোটাইড মূলত খিদে কমানোর জন্য ব্যবহৃত হয়।
গবেষণায় ফ্লুরোসেন্স মাইক্রোস্কপি পদ্ধতিও ব্যবহার করা হয়েছে। এতে কোষের মধ্যে এমআরএপি-২ প্রোটিন এমসি৪আর-এর অবস্থান এবং চরিত্র পরিবর্তন ঘটায়। এমআরএপি-২ রিসেপ্টরকে কোষের পৃষ্ঠে নিয়ে আসে, যা ‘আমার পেট ভরে গেছে’ সংকেত পাঠাতে সক্ষম। সুইচটি বন্ধ থাকলে রিসেপ্টর ঠিকভাবে কাজ করে না এবং ক্ষুধার সংকেত বেশি সক্রিয় হয়।
গবেষকদের মতে, এমআরএপি-২ নিয়ন্ত্রণের মাধ্যমে ভবিষ্যতে নতুন ধরনের ওষুধ তৈরি সম্ভব হতে পারে, বিশেষ করে যাদের শরীরে এমসি৪আর জিনে ত্রুটি রয়েছে। তবে এটি এখনো প্রাথমিক পরীক্ষার ধাপে রয়েছে। মানবদেহে একইভাবে কাজ করবে কি না তা নিশ্চিত নয়, কারণ এমসি৪আর ও এমআরএপি-২ শরীরের আরো অন্যান্য প্রক্রিয়ায় অংশ নেয়। অতএব, অনাকাঙ্ক্ষিত পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে।
গবেষকরা সতর্ক করে বলেছেন, কোনো নতুন ওষুধ বাজারে আনার জন্য প্রি-ক্লিনিক্যাল ও ক্লিনিক্যাল পরীক্ষা প্রয়োজন, যা কয়েক বছর সময় নিতে পারে। বিশেষজ্ঞদের মতে, ক্ষুধা নিয়ন্ত্রণ একটি জটিল প্রক্রিয়া, যেখানে একাধিক হরমোন ও স্নায়ু সংকেত সমন্বিতভাবে কাজ করে। এমআরএপি-২ আবিষ্কারটি মানবদেহে ক্ষুধা নিয়ন্ত্রণ ব্যবস্থার বোঝাপড়া অনেক গভীর করেছে।