একাত্তরে বুদ্ধিজীবীদের হত্যা স্বাধীনতাবিরোধী শক্তির পরিকল্পিত নীল নকশার ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল রোববার বিকালে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস স্মরণে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, বুদ্ধিজীবী দিবসটি আমাদের কাছে খুব ভারাক্রান্ত। কারণ ঠিক দুইদিন আগে স্বাধীনতার পাওয়ার ১৬ ডিসেম্বরের দিনটির আগে অত্যন্ত পরিকল্পিত হবে একটা নীল নকশার মাধ্যমে একটা জাতিকে সম্পূর্ণ মেধাশূন্য করে দেয়ার একটা চক্রান্ত ছিল সেটা। দুর্ভাগ্য আমাদের যে, যারা পাক হানাদার বাহিনীর সঙ্গে সেদিন যোগসাজস করেছিল তাদের প্রতিনিধি হয়ে এসে বাড়িতে বাড়িতে বিশ্ববিদ্যালয়ের কোয়ার্টারগুলোতে অথবা তাদের বাড়ি থেকে যারা তুলে নিয়ে গিয়েছিল তারা ছিল কিন্তু বাঙালি সন্তান। আজকে আমরা খুব ভালো করে জানি যে, তারা কারা ছিলেন? আমাদের ইতিহাস প্রমাণ করে তখনকার সেই রাজনৈতিক শক্তি যারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারাই সেদিন আমাদের সেই সূর্য সন্তানদেরকে তুলে নিয়ে গিয়েছিল। এ বিষয়টিকে হালকা করে দেখার কোন কারণ নেই।
তিনি বলেন, বারবার এই চক্রান্ত ষড়যন্ত্র হয়েছে, বারবার এই দেশের মানুষের উপরে আঘাত এসেছে এবং তাদেরকে যেন তারা মেধার ভিত্তিতে জেগে উঠতে না পারে, যেন তারা জ্ঞানে-বিজ্ঞানে উপরে উঠতে না পারে, শিক্ষায়-দীক্ষায় জাতিকে সামনের দিকে এগিয়ে নিতে না পারে, সেই চেষ্টাটা তখন করা হয়েছে। দুর্ভাগ্যক্রমে বিগত ১৫/১৬ বছরে আওয়ামী লীগ শাসন আমলে একই ঘটনা ঘটেছে ভিন্ন অঙ্গীকে। আমাদের শিক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে গেছে, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা দুর্বল হয়েছে, আমরা আমাদের অর্থনৈতিক ব্যবস্থাকে পরযুদস্ত করে ফেলা হয়েছে। আমরা সবসময় এই চক্রান্ত-ষড়যন্ত্র আমাদের এই জাতির বিরুদ্ধে আমরা দেখছি।
মির্জা ফখরুল বলেন, আজকে নির্বাচনের তফসিল যখন ঘোষণা করা হলো তখনই হত্যা করার চেষ্টা করা হল হাদিকে (শরীফ ওসমান বিন হাদি), একজন সৈনিক যে ফ্যাসিস্টদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। একটা ভয় আবার শুরু করতে চেয়েছে, যে ভয় ১৫ বছর আওয়ামী লীগ দেখিয়েছে।
তিনি বলেন, চতুর্দিকে ষড়যন্ত্র হবে, চক্রান্ত হবে। তার মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে বিএনপি। সে জয় লাভ করবেই ইনশাআল্লাহ, সে বিশ্বাস আমাদের আছে। বিএনপি একটা লিবার ডেমোক্রেটিক পার্টি, একটা উদারপন্থী গণতান্ত্রিক দল। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই। বিএনপি মহাসচিবের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় সভায় দলের স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না প্রমুখ বক্তব্য রাখেন।