নীলফামারী-২ (সদর) আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে জেলা বিএনপির সদস্য সচিব এএইচএম সাইফুল্লাহ রুবেলের পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুবাশিরা আমাতুল্লাহ’র কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তফা হক প্রধান বাচ্চু, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব রাশেদ উদ দৌলাসহ দলের অন্যান্য নেতাকর্মীরা। জেলা নির্বাচন কর্মকর্তা লুৎফুল কবীর সরকার জানান, বৃহস্পতিবার পর্যন্ত নীলফামারী জেলার চারটি আসন থেকে মোট আটজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে নীলফামারী-১ আসনে ২ জন, নীলফামারী-২ আসনে ২ জন, নীলফামারী-৩ আসনে ১ জন এবং নীলফামারী-৪ আসনে ৩ জন প্রার্থী রয়েছেন। জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র সংগ্রহকারীদের মধ্যে রয়েছেন নীলফামারী-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাওলানা আব্দুস সাত্তার এবং জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দী। নীলফামারী-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ এবং বিএনপির এএইচএম সাইফুল্লাহ রুবেল। নীলফামারী-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ওবায়দুল্লাহ সালাফী। এছাড়া নীলফামারী-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ করেছেন রিয়াদ আরফান সরকার, মামুনুর রশিদ ও শাহরিয়ার ফেরদৌস।