খাগড়াছড়ি পার্বত্য জেলার সাংবাদিকতার অন্যতম পথিকৃৎ খাগড়াছড়ি প্রেসক্লাবের ৪০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রথম প্রকাশিত স্মারক গ্রন্থ “উজ্জীবন”-এর প্রকাশনা উৎসব ও মোড়ক উন্মোচন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ২০২৫) বিকাল ৩ টায় খাগড়াছড়ি অফিসার্স ক্লাবে উৎসবমুখর পরিবেশে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম রাজু ও জয়ন্তী দেওয়ানের সঞ্চালনায় প্রেস ক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য এর স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ও ২০৩ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ, এইচডিএমসি, এএফডব্লিউসি, পিএসসি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান শেফালী ত্রিপুরা।
খাগড়াছড়ির সাবেক সাংসদ ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুইয়া, জামায়াতে ইসলামীর জেলা আমীর অধ্যাপক আব্দুল মোমেন, ইসলামি আন্দোলনের জেলা সেক্রেটারি মাওলানা কাওসার আজিজীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ খাগড়াছড়ি জেলার সকল উপজেলার প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সদস্যবৃন্দ এবং স্থানীয় সুধী সমাজ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তিনি তাঁর বক্তব্যে বলেন, খাগড়াছড়ি প্রেসক্লাবের চার দশকের দীর্ঘ পথচলার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, “উজ্জীবন” স্মারক গ্রন্থটি এই অঞ্চলের ইতিহাস ও সাংবাদিকতার বিবর্তনের এক অনন্য দলিল হয়ে থাকবে। পার্বত্য অঞ্চলের শান্তি ও সম্প্রীতি রক্ষায় সাংবাদিকদের গঠনমূলক ভূমিকার গুরুত্বও তিনি তাঁর বক্তব্যে তুলে ধরেন। তিনি আরও বলেন, সেনাবাহিনী পাহাড়ের উন্নয়নে কাজ করছে। পাহাড়ে সেনাবাহিনী জনগণের নিরাপত্তা দিতে রাতদিন পরিশ্রম করছে। সেনাবাহিনী এখন আর ক্যাম্পে ঘুমাইনা। সেনাবাহিনী এখন জঙ্গলে ঘুমায়। সামনে নির্বাচন আছে। জনগণ নির্বিগ্নে ভোট কেন্দ্রে যাবে। নিরাপত্তার কোন কমতি থাকবেনা। এছাড়াও বক্তারা খাগড়াছড়ি প্রেসক্লাবের দীর্ঘ ৪০ বছরের ইতিহাস ও ঐতিহ্যকে ধরে রাখতে “উজ্জীবন” স্মারক গ্রন্থটি এক মাইলফলক বলে অভিহিত করেন। এটি বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের সাংবাদিকদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।