লক্ষ্মীপুরের রায়পুরে রাতের আঁধারে টিনের ঘর তুলে জমি দখলের অভিযোগ উঠেছে দক্ষিণ চরবংশী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ওরফে বাদশা গাজি এবং তার অনুসারীদের বিরুদ্ধে। জমির মালিক নিজাম মিয়াসহ তার পরিবারের সদস্যরা এ অভিযোগ করেছেন।
ঘটনাটি ঘটে গত শনিবার (২০ ডিসেম্বর) মধ্যরাতে উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের মেঘনার পাড় সংলগ্ন মিয়ারহাট এলাকায়। ভুক্তভোগীদের দাবি, বাধা দিতে গেলে তাদের ওপর হামলার চেষ্টা করা হয়।
সরেজমিনে গেলে জানা যায়, প্রায় ২০ বছর আগে স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলামের ভাই নুর আলম, আবুল কাশেম ও শাহ আলমের কাছ থেকে সদর উপজেলার দালালবাজার এলাকার বাসিন্দা ইসমাইল হোসেন ৬ শতাংশ জমি ক্রয় করেন। প্রায় সাত মাস আগে ওই জমি আবার মিয়ারহাট এলাকার বাসিন্দা প্রবাসী মাইনুদ্দিন ৬২ লাখ টাকায় কিনে সেখানে চারটি দোকানঘর নির্মাণ করে ভাড়া দেন। ভুক্তভোগী নিজাম মিয়া, তার মেয়ে আয়শা, সাজেদা, নুর নাহার ও জামাতা আতরের জামান জানান, প্রায় ১৫ দিন আগে ওই দোকানঘর ভেঙে ভবন নির্মাণের প্রস্তুতি নেওয়া হয়। শনিবার গভীর রাতে বিএনপি নেতা বাদশা গাজির নির্দেশে তার অনুসারীরা দেশীয় অস্ত্র নিয়ে জমিটি দখল করে সেখানে টিনের ঘর তোলে। এতে বাধা দিলে তাদের ওপর হামলার চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন তারা। তারা আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে রাতেই জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশি সহায়তা চান। খবর পেয়ে হাজিমারা ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে পরিস্থিতি শান্ত করে।
এ বিষয়ে বিএনপি নেতা আমিনুল ইসলাম বাদশা গাজি বলেন, “আমাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য আমার প্রতিপক্ষ মিথ্যা অভিযোগ দিয়েছে। তারা জামায়াতের রাজনীতি করে। আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।” তবে রাতের আঁধারে ঘর তোলার বিষয়ে জানতে চাইলে তিনি কোনো সন্তোষজনক উত্তর দিতে পারেননি। হাজিমারা ফাঁড়ি থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রহিম বলেন, বলেন ৯৯৯ নম্বরে ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করা হয়। উভয় পক্ষকে কাগজপত্রসহ থানায় উপস্থিত হতে বলা হয়েছে। এ বিষয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া বলেন, ঘটনার বিষয়ে আমরা অবগত আছি। লিখিত অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।