মরহুমা বেগম খালেদা জিয়া গণতন্ত্রের বাগান খুলে গেছেন। তার শূন্যতা কোনভাবে পূরণ হওয়ার নয়। তিনি সারাজীবন দেশের মানুষের জন্য সংগ্রাম করেছেন, গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। তারা আদর্শ লালন করে আমাদের এগিয়ে যেতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ১নং করেরহাট ইউনিয়ন কর্তৃক আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান এসব কথা বলেন। তিনি আরো বলেন, আমাদের দেশ নায়ক তারেক রহমান যে স্বপ্নের দেশ গড়ার জন্য প্রতিজ্ঞা করেছেন সবাই মিলে তা বাস্তবায়ন করার জন্য কাজ করতে হবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিপুল ভোটে বিজয়ী করে একটি সুন্দর সমাজ ও রাষ্ট্র গঠন করতে সবাইকে আহ্বান জানান তিনি। সোমবার (৫ই জানুয়ারি) উপজেলার করেরহাট ইউনিয়নের করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। করেরহাট ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক রেজাউল করিম এর সভাপতিত্বে ও সাবেক সদস্য সচিব এয়াছিন মিজান এর সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী সহ জেলা, উপজেলা, ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।