গাজীপুর-২ (সদর-টঙ্গী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মনজুরুল করিম রনি বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। তিনি বলেন, শত নির্যাতন ও অত্যাচার সহ্য করেও জিয়া পরিবার কখনো দেশ ও জনগণের কাছ থেকে মুখ ফিরিয়ে নেয়নি। এই পরিবার বারবার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে নেতৃত্ব দিয়েছে। সোমবার (৫ জানুয়ারি) বিকেল ৩টায় টঙ্গীর আরিচপুর এলাকার আমজাদ আলী সরকার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ মাঠে প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এম মনজুরুল করিম রনি আরও বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ডাকে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল। আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনা ও পৃষ্ঠপোষকতায় জুলাই আন্দোলনে ছাত্র-জনতার জোরালো দাবির মুখে ফ্যাসিস্ট হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।” তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে জিয়া পরিবার ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমান সীমাহীন নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছেন। হাসিনা সরকারের নির্মম নির্যাতনের শিকার হয়ে জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো মৃত্যুবরণ করেন। আজ আমরা সবার জন্য দোয়া করব। শোককে শক্তিতে রূপান্তর করে সামনে এগিয়ে যেতে হবে। টঙ্গী পূর্ব থানা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এই শোকসভায় সভাপতিত্ব করেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন। সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন-স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আরিফ হোসেন হাওলাদার, গাজীপুর মহানগর বিএনপির সাবেক সহসভাপতি মাহবুবুল আলম শুক্কুর, টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিউদ্দিন শফি, গাজীপুর মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক খাদিজা আক্তার বিনা, টঙ্গী পূর্ব থানা যুবদলের আহ্বায়ক আকবর হোসেন ফারুক ও সদস্য সচিব নাজমুল হোসেন মন্ডল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আরিফুল হক সোহেল প্রধান ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সাথী, টঙ্গী পূর্ব থানা মহিলা দলের সভাপতি সুলতানা আক্তার কনা ও সাধারণ সম্পাদক রাবেয়া আক্তার,সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। দোয়া মাহফিল শেষে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।