নওগাঁর বদলগাছীতে নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনের বিএনপির ধানের শীষের প্রার্থীর এক বিশাল নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। ১ ফেব্রুয়ারী রবিবার বিকেলে উপজেলার মথুরাপুর ইউনিয়নের গোবরচাঁপাহাট দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আব্দুল হাদী চৌধুরী টিপুর সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনে ধানের শীষের কান্ডারি বদলগাছী উপজেলার কৃতি সন্তান জাতীয়তাবাদী কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নওগাঁ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরে আলম মিঠু, বদলগাছী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী, মহিলাদলের সদস্য ফজলে হুদা বাবুলের সহধর্মিণী মনিরা সুলতানা প্রমুখ। এ সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাগণ মঞ্চে উপস্থিত ছিলেন। নির্বাচনী সমাবেশে ফজলে হুদা বাবুল তাঁর বক্তব্যে বলেন, চারিদিকে ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে। আগামী ১২ তারিখ আপামর জনগণ ধানের শীষে ভোট দিয়ে বিপুল ভোটে আমাকে বিজয়ী করবেন ইনশাআল্লাহ। তিনি আরো বলেন, নির্বাচিত হলে বদলগাছী-মহাদেবপুর কে মাদকমুক্ত ও দূর্ণীতি মুক্ত করবেন। শিক্ষা ও স্বাস্থ্যসেবা আধুনিকায়ন করবেন। শিক্ষা প্রতিষ্ঠানে টাকা দিয়ে নিয়োগ বাণিজ্য বন্ধ করবেন। শিক্ষার্থীদের জন্য বিদ্যালয়ের মাঠগুলোতে ঘাসের ব্যবস্থা করবেন। হাট বাজার গুলোতে কৃষকদের নিকট থেকে অতিরিক্ত খাজনা আদায় এবং ওজনে বেশি নেওয়া বন্ধ করবেন। কৃষক সমাজ যেন তাঁদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পান তারজন্য পদক্ষেপ গ্রহণ করবেন। জিআই পণ্য হিসেবে স্বীকৃতি প্রাপ্ত বদলগাছীর নাগফজলি আমের ন্যায্যমূল্য নিশ্চিত করতে প্রয়োজনে জুস কারখানা স্থাপনের ব্যবস্থা করবেন। ১০/১৫ হাজার টাকার বেতনের কাজের জন্য ঢাকায় যেতে হবে না। এলাকায় কল-কারখানা স্থাপনের মাধ্যমে কর্মসংস্থানের পদক্ষেপ গ্রহণ করা হবে। চাঁন্দাবাজ আর ধাঁন্দাবাজদের দলে স্থান হবে না। তাই ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহবান জানান। এসময় উপস্থিত সকল নেতাকর্মী হাত উঁচিয়ে তাঁর প্রতি অকাট্য সমর্থন পূর্ণব্যক্ত করেন।