জাতীয় বেতন কমিশন এর প্রস্তাবনা গেজেট আকারে প্রকাশ ও দ্রুত বাস্তবায়নের দাবীতে দ্বিতীয় দিনের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টার দিকে জেলা প্রশাসন কার্যালয়ের প্রধান ফটকে এ কর্মসূচি পালন করেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের ১০-২০ গ্রেডের কর্মকর্তা ও কর্মচারীরা। নবম পে স্কেল বাস্তবায়নের দাবীতে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচিতে মুন্সীগঞ্জ কালেক্টরেট সহকারী সমিতির সভাপতি (উপ-প্রশাসনিক কর্মকর্তা) মো. সাইদুর রহমান বলেন, বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) মুন্সীগঞ্জ জেলা শাখার পক্ষে জাতীয় বেতন কমিশন ২০২৫ এর প্রস্তাবনা গেজেট আকারে প্রকাশ ও দ্রুত বাস্তবায়নের দাবীতে এর আগে গত ২ ডিসেম্বর জেলা প্রশাসক মহোদয়ের কাছে স্মারক লিপি দিয়েছি। তিনি আরো বলেন, আমরা তিন দিনের কর্মসূচির ঘোষণা দিয়েছি। গতকাল থেকে কর্মসূচি শুরু হয়েছে আজ দ্বিতীয় দিনের কর্মসূচি পালন করছি। আগামী দিনেও এ কর্মসূচি পালন করব। এ সময় উপস্থিত ছিলেন প্রশাসনিক কর্মকর্তা কানিজ ফাতেমা, উপ প্রশাসনিক কর্মকর্তা নিলুফা শিরিন, মো. অহিদুর রহমান ও সাইফুল ইসলাম, সহকারী প্রশাসনিক কর্মকর্তা মো. মুন্না হাসান, উপ-সহকারী প্রশাসনিক কর্মকর্তা মো. ফিরোজ মিয়া, মো. শামীম হোসেন ও মো. আবুল খায়ের মীর প্রমূখ।