পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান বলেছেন, পার্বত্য চট্টগ্রামের দুর্গম মানুষের দোরগোড়ায় সরকারি সেবা, উন্নয়ন পৌঁছে দেওয়ায় বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। এই লক্ষ্য বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনা মোতাবেক পাহাড়ের প্রতিটি ক্ষেত্রে পরিকল্পিত উন্নয়ন সাধিত হবে। কোথাও কোনও বৈষম্য থাকবে না। শুক্রবার (২৭ ফেব্রুয়ারী) রাঙ্গামাটি সার্কিট হাউস প্রাঙ্গণে দুপুরে মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর প্রথমবার নিজ নির্বাচনী এলাকা রাঙ্গামাটিতে এসে পৌঁছালে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী দীপেন দেওয়ান এ কথা বলেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারী) চট্টগ্রাম থেকে সড়ক পথে রাঙ্গামাটি যাওয়ার সময় পথে পথে নেতাকর্মী ও সাধারণ মানুষের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন পার্বত্য মন্ত্রী। সার্কিট হাউসে পৌঁছানোর পর তাকে আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার প্রদান করা হয়। এসময় জেলা প্রশাসন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের সাধারণ মানুষ তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন। রাঙ্গামাটি সার্কিট হাউস প্রাঙ্গণে সাংবাদিকদের উদ্দেশে মন্ত্রী দীপেন দেওয়ান বলেন, পার্বত্য চট্টগ্রামের সুষম উন্নয়ন ত্বরান্বিত করতে আমরা সকলকে নিয়ে কাজ করব। পাহাড়ে উন্নয়নে কোনো ধরনের বৈষম্য হতে দেওয়া যাবে না। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামোসহ সকল সেক্টরের সামগ্রিক উন্নয়নই আমাদের মূল লক্ষ্য। সরকারের কর্মপরিকল্পনা সম্পর্কে তিনি আরও বলেন, আমাদের নির্বাচিত সরকার ১৮০ দিনের একটি বিশেষ উন্নয়ন লক্ষ্যমাত্রা (টার্গেট) হাতে নিয়েছে। আমরা আগে কাজ করে দেখাতে চাই, তারপর আপনাদের সামনে দৃশ্যমান ফলাফল উপস্থাপন করব। দীর্ঘ বছর ধরে যেসব এলাকায় উন্নয়নের ছোঁয়া পৌঁছায়নি, সেখানে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করা হবে। বিএনপি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে মন্ত্রী দীপেন দেওয়ান বলেন, বিএনপি এখন জনগণের সেবক। জনগণের সেবা করাই আমাদের মূল লক্ষ্য। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ অনুযায়ী জনগণের সেবা ও সুষম উন্নয়নের মানসিকতা নিয়ে কাজ করতে হবে। এর আগে রাঙ্গামাটি প্রবেশমুখ বেতবুনিয়ার গোদারপাড় এলাকা থেকে শুরু করে ঘাগড়া, মানিকছড়ি, ভেদভেদী ও বনরূপাসহ শহরের বিভিন্ন পয়েন্টে হাজারো মানুষের ঢল নামে। জনমানুষের নেতাকে কাছে পেয়ে সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। এসময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান মেজর (অব.) অনুপ কুমার চাকমা, জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার, জেলা প্রশাসক নাজমা আশরাফী এবং পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব পিপিএম (বার), পিএসসি-সহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।