সরকারি নির্দেশনা অনুযায়ী প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিটের মধ্যে নিজ নিজ দপ্তরে উপস্থিত থাকার কথা কর্মকর্তাদের। তবে এ নির্দেশনা উপেক্ষা করে প্রায়ই নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত থাকেন না দিনাজপুরের হাকিমপুর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের উপ-সহকারী প্রকৌশলী আহসান হাবীব। এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী। রোববার (৮ মার্চ) সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত হাকিমপুর উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর ঘুরে দেখা যায়, অধিকাংশ দপ্তরে কর্মকর্তা-কর্মচারীরা যথাসময়ে উপস্থিত রয়েছেন। কিন্তু উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরে গিয়ে দেখা যায়, সেখানে উপস্থিত নেই উপ-সহকারী প্রকৌশলী আহসান হাবীব। এ বিষয়ে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের পিওন বেলাল হোসেন বলেন, আমরা ছোট মানুষ। স্যার কখন আসেন, কখন যান তা বলতে পারি না। একই দপ্তরের মেকানিক ফয়জুল আহমেদ জানান, স্যার এখনও অফিসে আসেননি। কখন আসবেন সেটিও বলতে পারছি না। তবে আমি অফিসে উপস্থিত আছি। উপ-সহকারী প্রকৌশলী আহসান হাবীবের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি জেলায় আছি, এ কথা বলেই ফোন সংযোগ কেটে দেন। এ বিষয়ে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রম চাকমা বলেন, এ বিষয়ে আমি কিছু বলতে চাই না। তাদের নিজস্ব দপ্তর রয়েছে, তারাই বিষয়টি দেখবেন। দিনাজপুর জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মুরাদ হোসেন বলেন, বিষয়টি জানলাম। আমি বর্তমানে ঢাকায় আছি। ঢাকা থেকে ফিরে একটি তদন্ত কমিটি গঠন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।