কুড়িগ্রামের রৌমারীতে জ্বালানি তেলের সংকট দেখিয়ে বন্ধ করে দেয়া হয়েছে উপজেলার ব্রহ্মপুত্র ফিলিং স্টেশন। এতে বোরো মৌসুমে জমিতে সেচ দেয়া, যানবাহন চলাচল নিয়ে কৃষক ও সাধারণ মানুষ পড়েছেন চরম বিপাকে। কৃষক, যানবাহন চালকসহ বিভিন্ন সূত্রে জানা গেছে, ব্রহ্মপুত্র ফিলিং স্টেশন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মধ্যপ্রাচ্যের বৈশ্বিক অস্থিরতার সুযোগ নিয়ে কৃত্রিম সংকট সৃষ্টি করে অধিক মুনাফার আশায় জ্বালানি তেল মজুত রেখেছে বলে এমন অভিযোগ উঠেছে। এর ফলে জ্বালানি তেলের সংকট সৃষ্টি হয়েছে। তেল পাম্পেই রশি টানিয়ে জানানো হয়েছে, ‘তেল নাই। আগামী শুক্রবার ও শনিবারের মধ্যে তেল আসলে তা বিতরণ করা হবে’। স্থানীয় অনেকের অভিযোগ, এসব ফিলিং স্টেশনে জ্বালানি তেল মজুদ রয়েছে। তবে তারা তা খোলা বাজারে সরবরাহ না করে বেশি দামে বিক্রি করবেন। এ বিষয়ে ব্রহ্মপুত্র ফিলিং স্টেশনের তত্বাবধায়ক আবুল হাশেম মাষ্টার জানান,বর্তমানে জ্বালানি সংকটের কারণে উপজেলার পরিবহন ব্যবস্থা ও কৃষকদের মানুষের দৈনন্দিন কাজে ব্যাপক প্রভাব পড়ছে। দ্রুত জ্বালানি সরবরাহ স্বাভাবিক করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি। এর আগে ৭ মার্চ শনিবার যমুনাডিপো থেকে ৯ হাজার লিটার ডিজেল এবং অকটেন পেয়েছিলাম। তাও গত ১০ মার্চ সন্ধ্যার দিকে আমাদের পাম্পে পেট্রোল, অকটেন ও ডিজেল সম্পূর্ণ শেষ হয়ে যায়। যে কারনে ফিলিং স্টেশন বন্ধরাখা হয়েছে। তবে আগামী শুক্র বা শনিবার তেল আসলে বিতরণ করা হবে। জ্বালানি তেলের সংকটের বিষয়ে রৌমারী উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিন বলেন, আমি পরিদর্শনে গিয়েছিলাম। দেখা গেছে অল্প কিছু তেল রয়েছে। কেউ যদি তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি করে, তবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।