নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের নোয়াগ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুইপক্ষের সংঘর্ষে ১৪ জন গুলিবিদ্ধসহ অন্তত ২৫জন আহত হয়েছেন। সোমবার (২৩ মার্চ) রাত ৮টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় হাসপাতালে আসা আহত ১৪ জনের শরীরে ‘ছররা গুলির’ চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছেন ভুক্তভোগীর পরিবার ও চিকিৎসকরা। মঙ্গলবার দুপুরে কালিয়া থানার ওসি ইদ্রিস আলী জানান, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে উভয়পক্ষের ২০ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় কে বা কারা গুলি ছুঁড়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। স্থানীয়রা জানান, গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে কালিয়া উপজেলার নোয়াগ্রামের ইসরাইল শেখ এবং খায়রুল মোল্যা গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে সোমবার রাতে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। ইসরাইল শেখের লোকজনের অভিযোগ, শনিবার ঈদের দিন খায়রুল মোল্যা পক্ষের একজনকে এলাকায় বিক্রিত গরুর মাংসের ভাগ না দেয়ায় ইসরাইল শেখদের লোকজনের ওপর চড়াও হয় প্রতিপক্ষরা। এরপর দুইপক্ষের মধ্যে উত্তেজনা জড়িয়ে পড়ে। এ ঘটনায় আহতরা হলেন-মাহাবুব মোল্যা, রমজান মোল্যা, নাহিদ মোল্যা, টুটুল মোল্যা, শাহীদুল মোল্য, রাজা মোল্যা, তামিম মোল্যা, মিন্টু মোল্যা, ঝুনু মোল্যা, বাঁধন মোল্যা, সুমন মোল্যা, আজানুর শেখসহ অন্তত ২৫ জন। নড়াইল জেলা হাসপাতালের চিকিৎসক অলোক কুমার বাগচী বলেন, ১৪ জনের শরীরে ‘ছররা গুলি’ পাওয়া গেছে। সবাইকে চিকিৎসা দেয়া হচ্ছে।