প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছেছেন। গতকাল শনিবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে তিনি কার্যালয়ে পৌঁছেন। এ সময় দলের নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর তারেক রহমান এই প্রথম নয়াপল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে এলেন। এর আগে লন্ডন থেকে দেশে ফেরার পর একবার তিনি পল্টন কার্যালয়ে গিয়েছিলেন।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বিকেল থেকেই নয়াপল্টন এলাকায় বিপুলসংখ্যক নেতাকর্মী জড়ো হন। তারা বিভিন্ন স্লোগানে পুরো এলাকা মুখর করে তোলেন। এসময়
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতিও লক্ষ্য করা যায়।
দলীয় সূত্র জানায়, কার্যালয়ে নেতাদের সঙ্গে মতবিনিময় এবং সাংগঠনিক বিভিন্ন বিষয়ে আলোচনা করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদের কার্যক্রমে গতি আনতে বৈঠক: প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় সংসদের কার্যক্রমে গতি আনতে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে উপস্থিত সংসদ সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন প্রধানমন্ত্রী। গতকাল শনিবার, বিকেল ৪টায় সংসদ সচিবালয়ের সরকার দলীয় সভাকক্ষে দলীয় সংসদ সদস্যদের অংশগ্রহণে এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এ কথা জানান।
জাহিদুল ইসলাম রনি জানান, বৈঠকের শুরুতে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে মরহুমার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন সরকার দলীয় সংসদ সদস্যরা।
এছাড়া সরকারের চলমান কার্যক্রম, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আইন প্রণয়ন কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি।
ক্রীড়াবিদদের জন্য ‘স্পোর্টস কার্ড’ চালু, সোমবার উদ্বোধন করবেন:দেশের ক্রীড়াবিদদের আর্থিক সুরক্ষা ও সম্মাননা নিশ্চিত করতে ‘স্পোর্টস কার্ড’ ও ক্রীড়া ভাতা কর্মসূচি চালু করতে যাচ্ছে সরকার। আগামী সোমবার এই কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
গতকাল শনিবার জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)-এ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেন, প্রাথমিক পর্যায়ে ৫০০ জন ক্রীড়াবিদকে ক্রীড়া ভাতার আওতায় আনা হবে। প্রতিমন্ত্রী জানান, যারা জাতীয় পর্যায়ে দীর্ঘদিন ধরে দেশের প্রতিনিধিত্ব করছেন এবং বিভিন্ন প্রতিযোগিতায় সাফল্য অর্জন করেছেন, তাদের একটি নির্দিষ্ট বেতন কাঠামোর আওতায় এনে নিয়মিত ভাতা দেওয়া হবে। পাশাপাশি তাদের স্বীকৃতি ও সম্মান প্রদানের জন্য দেওয়া হবে ‘ক্রীড়া কার্ড’। তিনি আরও বলেন, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পদকজয়ী ক্রীড়াবিদদের অগ্রাধিকার ভিত্তিতে এই সুবিধার আওতায় আনা হবে। এর মাধ্যমে ক্রীড়াবিদদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাদের পেশাগত জীবনে স্থিতিশীলতা আনা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
ক্রীড়া খাতের উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে দেশের ৪৯৫টি উপজেলায় পর্যায়ক্রমে ক্রীড়া অফিসার নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। এছাড়া রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় দখল হয়ে থাকা খেলার মাঠ উদ্ধার করে ক্রীড়াবান্ধব পরিবেশ গড়ে তুলতে কাজ করছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। সরকারের এ উদ্যোগকে ক্রীড়া উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তারা মনে করছেন, এতে দেশের ক্রীড়াবিদদের মর্যাদা বৃদ্ধি পাবে এবং নতুন প্রজন্ম খেলাধুলায় আরও বেশি আগ্রহী হবে।