আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির আন্দোলনের মরা গাঙ্গে আর জোয়ার আসবে না। একদফা আর এগারো দফা যাই বলুন তাদের তথাকথিত আন্দোলন জনবিচ্ছিন্নতায় মুখ থুবড়ে পড়বে।’ গতকাল শুক্রবার ওবায়দুল কাদের সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপির আন্দোলন সুদূরপরাহত। তাদের আন্দোলন দূর আকাশের নীলিমা, যা দেখা যায় কিন্তু ছোঁয়া যায় না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনমুখী রাজনীতির জন্যই বিএনপি নির্বাচনে ব্যর্থ হয়ে একযুগ কাটিয়ে দিয়েছে।’
‘শেখ হাসিনা সরকার দেউলিয়াত্বের শেষ পর্যায়ে’- বিএনপি নেতাদের এমন অভিযোগের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘শেখ হাসিনা সরকার নয়, বিএনপির রাজনীতিই এখন গভীর সমুদ্রে কম্পাসহীন নাবিকের মতো। বিএনপির মিথ্যাচারই তাদের রাজনীতিকে এখন গ্রাস করছে।’
মন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ সভাপতির প্রতি দেশের জনগণের আস্থা শতভাগ। সাম্প্রতিক পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের বিপুল বিজয় তারই নজির। যেকোনও জনঘনিষ্ট ইস্যুতে শেখ হাসিনা সরকার সবার আগে রেসপন্স করেন এবং আওয়ামী লীগও দেশের মানুষে সাথে আছে বলেই বিএনপি আন্দোলনের ইস্যু সংকটে পড়ছে।’