করোনার আক্রমণ থেকে দেশের জনগণকে রক্ষার জন্য সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণের সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন গণফোরামের সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন। সেইসাথে তিনি ভ্যাকসিনের প্রথম ডোজ বন্ধ করে দেয়ার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। গত সোমবার রাতে গণফোরামের সদস্য মোশতাক আহমেদ স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
বিবৃতিতে ড. কামাল হোসেন বলেন, করোনায় যেখানে মৃত ও শনাক্তের হার দেশে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে, সেখানে ভ্যাকসিন বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত মেনে নেয়া যায় না। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
টিকার জন্য শুধুমাত্র ‘সিরাম’ নামক একটি প্রতিষ্ঠানের সাথে চুক্তি করা সঠিক হয়েছে কিনা এমন প্রশ্ন তুলে ড. কামাল হোসেন বলেন, করোনার বিরুদ্ধে লড়াই ঘোষণা করে, ভ্যাকসিন নেই, অক্সিজেন নেই, পর্যাপ্ত করোনা টেস্ট কিংবা চিকিৎসার ব্যবস্থা নেই। বাংলাদেশের মতো জনবহুল দেশে এটা কতবড় বিপর্যয় বয়ে আনতে পারে সরকার মনে হয় এটা ঠিকমত বুঝে উঠতে পারেনি। আমরা করোনার আক্রমণ থেকে জনগণকে রক্ষার জন্য সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি। অতিসত্বর করোনার ভ্যাকসিন সংগ্রহ ও জনগণের মধ্যে পুরোদমে ভ্যাকসিন প্রদানের দাবি জানাচ্ছি।