বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

১ মে থেকে বেসরকারি চাল আমদানি বন্ধ

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ২৮ এপ্রিল, ২০২১

আগামী ১ মে থেকে বেসরকারি চাল আমদানি বন্ধ । গত বছরের ২৪ ডিসেম্বর চালের আমদানি শুল্কে বড় ধরনের ছাড়ের ঘোষণা দেয় সরকার। বেসরকারিভাবে চালের আমদানি শুল্ক ৬২ দশমিক ৫ থেকে ২৫ শতাংশে নামিয়ে আনা হয়। প্রায় চার মাসে শুল্ক সুবিধায় সাড়ে ছয় লাখ টনের বেশি চাল আমদানি হয়েছে। এখনো কিছু চাল আমদানি প্রক্রিয়াধীন রয়েছে। তবে সব ধরনের আমদানি কার্যক্রম ৩০ এপ্রিলের পর বন্ধ হচ্ছে।
খাদ্যশস্যের বাজারমূল্যের ঊর্ধ্বগতির প্রবণতা রোধ, নিম্ন আয়ের জনগোষ্ঠীকে সহায়তা ও বাজারদর স্থিতিশীল রাখার স্বার্থে বেসরকারি পর্যায়ে চাল আমদানি কমায় খাদ্য মন্ত্রণালয়। বেসরকারিভাবে চাল আমদানির জন্য বৈধ আমদানিকারকদের প্রয়োজনীয় কাগজপত্রসহ ২০২১ সালের ১০ জানুয়ারির মধ্যে খাদ্য মন্ত্রণালয়ে আবেদন করতে বলা হয়েছিল। কয়েক হাজার আবেদনের মধ্য থেকে বাছাইয়ের পর অনুমতি পান বেশকিছু ব্যবসায়ী। চাল আমদানি ও দেশের বাজারে সরবরাহ করতে নির্দিষ্ট সময় বেঁধে দেয়া হয়েছিল। সরকারের এ সুবিধায় গত চার মাসে (২৫ এপ্রিল পর্যন্ত) প্রায় ৬ লাখ ৫৭ হাজার ৩০০ টন চাল আমদানি করেছে বেসরকারি খাত। খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বরাদ্দপত্র ইস্যুর সাতদিনের মধ্যে বরাদ্দপ্রাপ্ত প্রতিষ্ঠানকে এলসি খুলে এ-সংক্রান্ত তথ্য খাদ্য মন্ত্রণালয়কে অবহিত করতে বলা হয়। এছাড়া পাঁচ হাজার টন বরাদ্দপ্রাপ্ত ব্যবসায়ীদের এলসি খোলার ১০ দিনের মধ্যে ৫০ শতাংশ, মোট ২০ দিনের মধ্যে সমুদয় চাল এবং ১০-১৫ হাজার টন বরাদ্দপ্রাপ্ত ব্যবসায়ীদের এলসি খোলার ১৫ দিনের মধ্যে ৫০ শতাংশ এবং মোট ৩০ দিনের মধ্যে সমুদয় চাল বাংলাদেশে বাজারজাত করতে হবে।
পরবর্তী সময়ে বেসরকারি পর্যায়ে চাল আমদানির জন্য বরাদ্দপ্রাপ্ত প্রতিষ্ঠান কর্তৃক এলসি খোলার সময়সীমা ৩১ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়। ৩১ জানুয়ারি খাদ্য মন্ত্রণালয় কর্তৃক অফিস আদেশে বেসরকারি পর্যায়ে চাল আমদানির জন্য বরাদ্দপ্রাপ্ত প্রতিষ্ঠান কর্তৃক এলসি খোলার সময়সীমা ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়ে নির্দেশনা জারি করা হয়। বেসরকারিভাবে চাল আমদানির জন্য বরাদ্দ পেয়েছেন এবং যারা গত ২৫ মার্চের মধ্যে এবং গত ১৫ ফেব্রুয়ারির মধ্যে এলসি চালু করেছেন কিন্তু এখনো চাল বাজারজাত করতে পারেননি, তাদের ৩০ এপ্রিলের মধ্যে চাল বাজারজাত করতে হবে। এরপর আর সময় বাড়ানো হবে না বিধায় ৩০ এপ্রিলেই শেষ হচ্ছে চলতি অর্থবছরের চাল আমদানি। ভার্চুয়াল সংবাদ সম্মেলনে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, প্রাথমিকভাবে বেসরকারি চাল আমদানি বন্ধ করা হয়েছে। কিছু চাল আমদানি প্রক্রিয়াধীন থাকায় সেগুলো সম্পন্ন করতে ৩০ এপ্রিল পর্যন্ত সময় বাড়ানো হয়েছে। এরপর আর কোনো এলসি চালু কিংবা চাল আমদানি করতে পারবে না বেসরকারি খাত। তবে সরকারিভাবে চাল আমদানি চলমান থাকবে।
খাদ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি অর্থবছরের ২৫ এপ্রিল পর্যন্ত দেশে মোট চাল আমদানি হয়েছে ৯ লাখ ২৩ হাজার ১০০ টন। গত অর্থবছরের পুরো সময়ে মোট চাল আমদানির পরিমাণ ছিল মাত্র ৪ হাজার ১৮০ টন। ওই সময়ে সরকারিভাবে কোনো চাল আমদানি ছিল না। বেসরকারিভাবে আমদানি হলেও শুল্কহার বেশি থাকায় আমদানির পরিমাণ ছিল খুবই কম।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com