রাজশাহী’র জাহানাবাদ ইউনিয়নের ১৬১ নং দুর্গাপুর মৌজার ০১ নং খতিয়ানভুক্ত আর,এস, দাগ নং ১০১১। ওই দাগেরই রাস্তার পশ্চিম পাশে অবস্থিত একটি ধোর পড়া পাইকড় গাছ গত ১৫-০৭-২০২১ ই তারিখে নিলামে বিক্রি করে দেয়া হয়। অথচ নিলামে ডাককৃত এই গাছটি এখন পর্যন্ত অপসারণ করা হয়নি। নিলামকৃত গাছটি স্থানীয় সুফিয়া নামক একজন মহিলার টিনের ঘরের উপর ঝুঁকে রয়েছে। ফলে যে কোন মুহুর্তে ধোর পড়া গাছটি ঘরের উপর পড়ে প্রাণহানি ঘটতে পারে। এমতাবস্থায় মোহনপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গত ০৩-০৮-২০২১ তারিখে নিলামে ডাককৃত গাছ গ্রহণকারী জনৈক মুত্তাকিন আলমকে ০৭ দিনের মধ্যে অপসারনের জন্য নোটিশ দিলেও আজতক এই গাছ অপসারণ করা হয়নি। ঝুঁকিপূর্ণ গাছের নিচে বসবাসকারী সুফিয়া খাতুন এই প্রতিবেদককে জানিয়েছেন, যে কোন মুহুর্তে গাছটি ভেঙে পড়তে পারে, তবুও স্বামী সন্তানদের নিয়ে ভয়ে ভয়ে নিরুপায় হয়ে ওই ঘরেই বসবাস করে আসছেন। তিনি আরো জানান, আশঙ্কা নিয়ে প্রতি রাতেই তাদের ঘুমাতে হয়। সুফিয়া খাতুন কতৃপক্ষকে গাছটি অপসারণ করে পরিবার নিয়ে নির্বিঘেœ বসবাস করার সুযোগ করে দেয়ার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন।