স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক গতকাল মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের বলেন, করোনাভাইরাসের নতুন ভেরিয়েন্ট ওমিক্রন সংক্রমণ বেড়ে গেলে লকডাউনের পরিকল্পনা রয়েছে। সচিবালয়ে তিনি বলেন, করোনার নতুন ভেরিয়েন্ট ওমিক্রন সংক্রমণ যেভাবে বাড়ছে সেটি আশঙ্কাজনক। হাসপাতালগুলো প্রস্তুত রাখা হয়েছে। ২০ হাজার শয্যা প্রস্তুত রাখা হয়েছে। নানা নির্দেশনা দেয়া হয়েছে।
তিনি আরো বলেন, যানবাহনে মাস্ক পরা ছাড়া চলাচল করা যাবে না। চলাচল করলে জরিমানা করা হবে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, এছাড়াও যানবাহনে অর্ধেক সিট ফাঁকা রেখে যাত্রী চলাচল করতে হবে। রেস্তোরাঁয় খেতে হলে ভ্যাকসিন কার্ড দেখাতে হবে। সংক্রমণ বাড়লে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সুপারিশ করা হয়েছে। এক সপ্তাহ পরেই এ সকল নির্দেশনা বাস্তবায়ন করার নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান তিনি।