ধনবাড়ীতে এক সেনেটারী মিস্ত্রিকে বাড়ি থেকে থেকে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করার অভিযোগ তুলেছে নিহতের পরিবার। নিহত মো. রফিকুল ইসলাম(৪৫) দুই সন্তানের জনক। সে উপজেলার বানিয়াজান ইউনিয়নের নাথেরপাড়া গ্রামের মৃত খালেক উদ্দিনের ছেলে। গত বুধবার সকালে বাড়ির পাশের কপি খেত থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে রফিকুলের মরদেহ বাড়ির পাশের এক কপি খেতে দেখতে পান স্থানীয়রা। সংবাদ পেয়ে সেখান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। এছাড়াও তার গলায় গামছা পেচানো ছিল। নিহতের স্ত্রী মালেকা বেগম ও ছেলে মারুফ হোসেন বলেন, ‘আমাদের পরিবারের সাথে তার চাচা মোফাস্তা ও তার দুই ছেলে মামুন ও মুন্নাদের সাথে জমি নিয়ে বিরোধ ও মামলা চলছিল। তিনদিন আগেও আমাদের পরিবারের সবাইকে হত্যার হুমকী দেয় তারা। গত মঙ্গলবার রাতে আমরা সবাই রাতের খাবার খেয়ে শুয়ে পড়লে তার মোবাইলে একটি কল আসে। এ সময় জানানো হয় আমাদের বাড়িতে পুলিশ আসতেছে। তাকে বাড়ি থেকে চলে যেতে। বাড়ি থেকে সে গেলে আর ফিরে আসেনি। সকালে বাড়ির পাশে তার মরদেহ দেখতে পাই। মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। আমরা এর বিচার চাই।’ এদিকে মোস্তাফাদের বাড়ির সব ঘর তালাবব্ধ ও লোকজন না থাকায় কাউকে পাওয়া যায়নি। ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. চান মিয়া বলেন, ‘তাদের পরিবারের সাথে ও পরিবারের মামলা চলছিল। নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে মামলা প্রস্ততি চলছে।’