শাহবাগে শিক্ষকদের অবস্থান
এমপিওভুক্তি ও স্বীকৃতি দেয়ার আশ্বাস পূরণ না হওয়ায় আবারও শাহবাগে অবস্থান নিয়েছে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকরা। গতকাল রোববার সকালে রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে ‘বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক সমিতি’র ব্যানারে ১১ দফা দাবিতে অবস্থান নেন তারা।
আন্দোলন চলাকালীন প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক সমিতির আহ্বায়ক আরিফুর রহমান অপু বলেন, ‘আমরা ইতোপূর্বে প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিওভুক্তির দাবিতে আন্দোলন করেছিলাম। আজও একই দাবি নিয়ে আমরা এসেছি। এমপিওভুক্তি দেয়া ছাড়া আমরা ঘরে ফিরবো না।’
তিনি বলেন, ‘এর আগে সংসদীয় কমিটির সদস্য রাশেদ খান মেনন আমাদের দাবি পূরণের আশ্বাস দিলেও সে আশ্বাস পূরণ করা হয়নি। এখন প্রধানমন্ত্রী লিখিত ঘোষণা দেয়া না পর্যন্ত আমরা আমাদের আন্দোলন কর্মসূচি চলমান রাখবো।’ তিনি আরও বলেন, ‘প্রশাসন বলছে আমাদেরকে সচিবালয়ে গিয়ে সুনির্দিষ্ট তথ্য সংগ্রহ করে আন্দোলন করতে। কিন্তু আমরা তো ১২ বছর ধরেই তথ্য সংগ্রহ করছি। সেখানে এমন কোনো সুনির্দিষ্ট কোনো তথ্য নেই যে আমরা তা নিয়ে মন্ত্রীর কাছে যাব। তারা স্কুলগুলোকে ক, খ, গ তিনটি শ্রেণিতে ভাগ করেছেন। তারা বলছে ‘ক’ শ্রেণিকে পরিদর্শনে পাঠাবে এবং ‘খ’ ও ‘গ’ শ্রেণিকে চিঠি ইস্যু করে জানাবে। তারপর তারা তাদের সিদ্ধান্ত গ্রহণ করবেন। আমরা চাই এই সিদ্ধান্ত কবে নাগাদ নেয়া হবে তা আমাদের জানানো হোক।’ ১১ দফা দাবিগুলো হলো: প্রতিবন্ধিতা সম্পর্কিত সমন্বিত বিশেষ শিক্ষা নীতিমালা অনুযায়ী বিদ্যালয় সমূহের একসঙ্গে স্বীকৃতি ও এমপিও প্রদান। বিদ্যালয় কর্তৃপক্ষের নিয়োগের তারিখ হইতে বেতন ভাতা প্রদান।
সকল বিদ্যালয়ের বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্র/ছাত্রীদের শতভাগ উপবৃত্তি প্রদান। সকল বিদ্যালয়ে প্রতিবন্ধী বিদ্যালয় এর শিক্ষা কারিকুলাম অনুযায়ী বিনামূল্যে পাঠ্য বই বিতরণ নিশ্চিত করণ। বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্র/ছাত্রী উপযোগী স্বাস্থ্য সম্মত খাবার পরিবেশন করণ সকল বিদ্যালয়ে চাহিদা অনুযায়ী শিক্ষা উপকরণ শতভাগ নিশ্চিত করণ। ৭। প্রতিবন্ধী বিদ্যালয় সমূহ নিয়মিত মনিটরিং নিশ্চিত করণ শিক্ষক/কর্মচারীদের মান উন্নয়ন মূলক ট্রেনিং সহ সংশ্লিষ্ট সকল সুযোগ সুবিধা নিশ্চিত করণ শতভাগ বিদ্যালয় আধুনিক মান সম্পন্ন প্রতিবন্ধী বান্ধব ভবন নির্মাণ নিশ্চিত করণ প্রতিবন্ধী বিদ্যালয় সমূহে আধুনিক থেরাপী সরঞ্জাম সরবরাহ সহ থেরাপী সেন্টার চালু করণ
ছাত্র/ছাত্রীদের শিক্ষা জীবন শেষে যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থান সহ আত্ম নির্ভরশীল জীবন যাপনের নিশ্চয়তা প্রদান এ সময় সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত না আসা পর্যন্ত আন্দোলন প্রত্যাহার না করার ঘোষণা দেন আন্দোলনকারীরা।
উল্লেখ্য, এর আগে গত বছরের ১১ অক্টোবর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ১১ দফা দাবি নিয়ে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকরা প্রধানমন্ত্রী কার্যালয়ের উদ্দেশ্যে পদযাত্রা শুরু করলে শাহবাগে পুলিশি বাধার সম্মুখীন হন। এরপর সমাজকল্যাণ মন্ত্রণালয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন দাবি পূরণের আশ্বাস দিলে ১৪ অক্টোবর তারা তাদের কর্মসূচি প্রত্যাহার করেন।