গাজীপুরের শ্রীপুরের বহেরারচালা গ্রামে অবস্থিত বাংলাদেশের এ্যাবা গ্রুপের অন্যতম একটি লিড গোল্ড সার্টিফাইড রপ্তানিমুখী পোশাক কারখানা ভিনটেজ ডেনিম এ্যাপারেলস লিমিটেডের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল সোমবার দিনব্যাপি শিশু পল্লীপ্লাসে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এ কর্মসূচি পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন কারখানার প্রশাসন ও মানবসম্পদ বিভাগের প্রধান কর্মকর্তা মোসলেম আলী, ফায়ার অ্যান্ড সেইফটি ম্যানেজার শহিদুল ইসলাম প্রমুখ। উপস্থিত কর্মকর্তারা বলেন, কারখানার প্রতিষ্ঠালগ্ন থেকে অত্র এলাকায় পরিবেশের উপর যে ক্ষতিকর প্রভাব পড়েছে তা নিরসনে আমাদের সামাজিক দায়বদ্ধতা থেকে প্রতিবছর বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। কারখানার পক্ষ থেকে মোসলেম আলী বলেন, উন্নত পরিবেশ নিশ্চিতকরণ ও সামাজিক বনায়নের মাধ্যমে সচেতনতা সৃষ্টি করার জন্য আমরা নানা ধরনের ফলজ, বনজ ও ঔষধীগাছ একসঙ্গে রোপণের মাধ্যমে একটি সুন্দর পরিবেশবান্ধব সবুজায়ন গড়ে তোলার চেষ্টা করছি। তিনি আরও বলেন, বৃক্ষরোপণে এগিয়ে আসুন, বৃক্ষকে প্রতিবেশি ভেবে বন্ধুত্ব গড়ে তুলুন। এসময় বৃক্ষরোপণ ও সামাজিক উন্নয়নমূলক কর্মকা-ে অংশ নেওয়ার জন্য শিশু পল্লীপ্লাসের পক্ষ থেকে ভিনটেজ ডেনিম এ্যাপারেলস লিমিটেডকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।