বরিশালের আগৈলঝাড়ায় বর্ণাঢ্য আয়োজনে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ভগবান শ্রী কৃষ্ণের জন্ম তিথি শুভ জন্মাষ্টমীতে বর্নাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পূজা উদ্যাপন পরিষদের আয়োজনে শুক্রবার সকালে বিভিন্ন সাজসজ্জায় সজ্জিত হয়ে বাদ্য-বাজনা বাজিয়ে উপজেলার পাঁচটি ইউনিয়নের বিভিন্ন এলাকা ও মন্দির থেকে আগত হাজার হাজার নারী-পুরুষ, পূন্যার্থী ও ভক্তবৃন্দরা জন্মাষ্টমীর শোভাযাত্রা অংশ গ্রহন করেন। শোভাযাত্রাটি উপজেলা সদরের কেন্দ্রীয় কালী মন্দির থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে শ্রীমতি মাতৃ মঙ্গল বালিকা বিদ্যালয় হলরুমে উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস, ইসকন মন্দিরের সভাপতি অমল অধকিারী, অধ্যক্ষ (অবঃ) রনজিত বাড়ৈ খোকন, ডা. অমূল্য রতন বাড়ৈ, জগদীশ ভক্ত। শেষে মহাপ্রসাদ বিতরণ করা হয়।