বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আজ রাজধানীর কদমতলীর পলাশপুর এলাকায় আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে শ্রমজীবী মানুষের মাঝে ভ্যান, রিকশা ও অটোরিকশা বিতরণ করা হয়। কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ শ্রমজীবী মানুষের মাঝে এসব ভ্যান, রিকশা ও অটোরিকশা বিতরণ করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন, ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য মাওলানা আমিনুল ইসলাম, আব্দুর রহিম জীবন, শাহীন আহমদ খানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
রিকশা ও ভ্যান বিতরণের সময় ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশের স্বাধীনতার অর্ধশত বছর পার হলেও আজো আমরা আমাদের কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছতে পারিনি। অথচ আমাদের থেকে অনেক পরে স্বাধীন হওয়া রাষ্ট্রও নিজেদের উন্নত দেশ হিসেবে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করেছে। আজ স্বৈরাচারের কবলে পড়ে বাংলাদেশ দুর্নীতি, জুলুম-নির্যাতন, দ্রব্যমূল্যের ঊর্ধগতি, লোডশেডিং, অর্থনৈতিক সঙ্কটসহ বিভিন্ন সমস্যায় জর্জরিত।
তিনি বলেন, জামায়াতে ইসলামী মনে করে দেশে শুধুমাত্র সততা, নৈতিকতা ও ধর্মীয় বিশ্বাসের মানদ-ে উত্তীর্ণ নেতৃত্ব যথাস্থানে না বসার কারণে আজো আমরা পিছিয়ে পড়ে আছি। সেইসাথে মুসলিমপ্রধান এই দেশ আল্লাহ তায়ালার দেয়া বিধানের আলোকে পরিচালিত হলেই কেবল এসব সঙ্কট থেকে উত্তীর্ণ হওয়া সম্ভব। এমতাবস্থায় মানুষের মুক্তির জন্য সৎ, যোগ্য ও দক্ষ লোকদেরকে দেশের নেতৃত্বে প্রতিষ্ঠিত করতে সম্মিলিতভাবে প্রচেষ্টা চালাতে হবে। এই সমাজ ও রাষ্ট্রের দায়িত্ব নৈতিকতা সম্পন্ন ব্যক্তির হাতে দেয়া গেলেই জনগণ শান্তি ফিরে পাবে এবং সত্যিকার অর্থে তাদের হাতেই বাংলাদেশ সুখী ও সমৃদ্ধ জনপদে পরিণত হবে। ড. মাসুদ আরো বলেন, আজকে এখানে আমাদের কিছু ভাইয়েরা নিজেদের শ্রম দিয়ে হালালভাবে উপার্জন করতে চান। আমরা তাদেরকে ভ্যান, রিকশা ও অটোরিকশা তুলে দিতে পেরে আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ! ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের পক্ষ থেকে অসহায় ও ক্ষতিগ্রস্ত শ্রমজীবী ভাইদের পাশে দাঁড়ানোর জন্য, তাদের কষ্ট লাঘবের জন্য আমরা প্রচেষ্টা চালাচ্ছি। বিশেষ করে বৈশ্বিকভাবে মানুষ যখন অর্থনৈতিক সঙ্কটের মধ্য দিয়ে যাচ্ছে, এমন পরিস্থিতির মধ্যেও দায়িত্বশীল সংগঠন হিসেবে জামায়াত শ্রমজীবী মানুষদের আয়-উপার্জনে সহযোগিতা করার জন্য নানা উপকরণ মানুষের হাতে তুলে দিচ্ছে। তিনি বলেন, বর্তমানে বাংলাদেশের অর্থনৈতিক সঙ্কট চরম আকার ধারণ করেছে। এমন পরিস্থিতির মধ্যেও আমরা আল্লাহর সাহায্য চাওয়ার পাশাপাশি একে অন্যকে সহযোগিতা করার মাধ্যমে এই পরিস্থিতি উত্তরণে এগিয়ে আসতে চাই। তিনি দারিদ্র্য ও ক্ষুধামুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সকলকে জামায়াতে ইসলামীর পতাকাতলে শামিল হওয়ার উদাত্ত আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি