ভারতীয় গণমাধ্যমে ক্রিকেটার ঋষভ পন্ত ও বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলার প্রেমের চর্চা ছিল তুঙ্গে। যদিও সম্পর্কের কথা কেউই শিকার করেননি তারা। এবার পাকিস্তানি ক্রিকেটারের সঙ্গে নাম জড়িয়ে খবরের শিরোনাম হয়েছেন তিনি।
সুপার ফোরে ভারতকে ৫ উইকেটে হারায় পাকিস্তান। স্টেডিয়ামে বসে দুই চির প্রতিদ্বন্দ্বীর খেলা উপভোগ করেন বলিউড হিরোইন উর্বশী। সে ম্যাচের পর পাকিস্তানি পেসার নাসিম শাহকে নিয়ে একটি ভিডিও প্রকাশ করেন তিনি। ইনস্টাগ্রাম স্টোরিতে প্রকাশিত উর্বশীর এডিট করা ভিডিওতে দেখা যাচ্ছে, গ্যালারিতে বসে রয়েছেন অভিনেত্রী। অপরদিকে মাঠে খেলছেন পাকিস্তানি বোলার নাসিম। দুজনের হাসিমুখের কিছু ঝলক নিয়েই বানানো হয়েছে ভিডিওটি। কয়েক সেকেন্ডের সেই ভিডিও’র ভাব এমন যে, প্রেমিকা উর্বশীকে গ্যালারিতে দেখে মুচকি হাসছেন নাসিম শাহ। এমনকি ভিডিওর ব্যাকগ্রাউন্ডে পাকিস্তানের জনপ্রিয় গায়ক আতিফ আসলামের মুসাফির সংয়ের লিরিক ‘কোই তুঝকো না মুঝসে চুরা লে’ ব্যবহার করা হয়েছে। হিন্দি লিরিকটির অর্থ হলো, কেউ আমার কাছ থেকে তোমাকে যেন চুরি করে নিয়ে না যায়।
উর্বশীর সেই ভিডিও নাসিম শাহ’র ফ্যান পেজ থেকেও প্রকাশ করা হয়েছে। ভিডিওটি প্রকাশের পর সমালোচনার মুখে পড়েছেন বলিউড গ্ল্যামার গার্ল। সামাজিক যোগাযোগমাধ্যমে হচ্ছেন ট্রোলের শিকার।
টুইটারে এক পাকিস্তানি লিখেছেন, ‘হাতজোড় করে বলছি, আমাদের ছেলের কাছ থেকে দূরে থাকো।’ আরেকজন লিখেছেন, ‘যারা এই ভিডিওটির (এডিটেড) বিষয়ে জানেন না, তারা এটাকে খুব ভালোভাবে নেবেন।’ কেউ কেউ উর্বশী-নাসিমকে বলিউড সিনেমার বিভিন্ন মজার দৃশ্যের সঙ্গে মিলিয়ে মিম শেয়ার করেছেন টুইটারে।