বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে আবার ক্ষমতায় দেখতে চায়। কোম্পানীগঞ্জে একটা দল আছে, সারা বাংলাদেশেও আছে। তারা আওয়ামী লীগকে ভয় পায়। নির্বাচনে হেরে যাওয়ার ভয় তাদের মধ্যে কাজ করছে। গতকাল মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বঙ্গবন্ধু চত্বরে তার মা-বাবার নামে মোশাররফ-ফজিলাতুন্নিছা ফাউন্ডেশন বৃত্তির পরীক্ষা-২০২২-এর প ম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত বৃত্তিপ্রাপ্ত ৩৯৯ জন শিক্ষার্থীর মাঝে বৃত্তি বিতরণ ও সনদপত্র প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, ‘একটা কথা মনে রাখবেন, আপনাদের আন্দোলনে জনগণ না থাকলে আন্দোলন সফল হবে না। তারা নিজ দলের নেতাকর্মীদের নিয়ে পদযাত্রাসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে। ওই আন্দোলনে তারা কখনো সফল হবে না।’ তিনি আরো বলেন, ‘নির্বাচন হচ্ছে গণতন্ত্রের অপরিহার্য অংশ। একজন মানুষ রাজনীতি করে সবসময় সব কিছু পায় না। অনেকে রাজনীতি করতে করতে নিঃশেষ হয়ে গেছে, কিছুই পায়নি। আমি এমন একজন সৌভাগ্যবান ব্যক্তি যে আমি ১৬ বছর মন্ত্রীর দায়িত্ব পালন করেছি। আল্লাহর অশেষ মেহেরবানীতে শেখ হাসিনা আমাকে তিন বার দলের সাধারণ সম্পাদক নির্বাচিত করেছেন। আমি মনে করি, আমার জীবন সার্থক।’
তিনি বলেন, ‘যারা দুর্নীতি করে, অপকর্ম করে, জমি দখল করে, আগুন-সন্ত্রাস করে, এ ধরনের লোকেরা মানুষের কাছে চিহ্নিত হয়ে যায়। আমি আগামী নির্বাচন পর্যন্ত চলমান উন্নয়ন কাজ শেষ করতে চাই। নতুন কাজের প্রতিশ্রতি দিয়ে জনগণকে ধোকা দেয়ার দরকার নেই। আগামী নির্বাচনে জয়ী হওয়ার পর নতুন উন্নয়ন কাজের প্রতিশ্রতি দিব।’
তিনি বলেন, কয়েকদিন আগে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বলেছে যে বাংলাদেশ অর্থনীতিতে ৩৫তম দেশ, বাংলাদেশ ঘুরে দাঁড়াবে। আজকের পাকিস্তান সবদিক থেকে তলানিতে, বাংলাদেশ সবদিক থেকে এগিয়ে। পাকিস্তান শ্রীলঙ্কা হবে, কিন্তু বাংলাদেশ কখনো শ্রীলঙ্কা হবে না। বাংলাদেশ শ্রীলঙ্কাকে ঋণ দিয়েছে। তিনি আরো বলেন, ‘একজন দক্ষ, সৎ, জ্ঞানী, মুক্তিযোদ্ধা ও একসময়ের সিনিয়র জজ মো: সাহাবুদ্দিন চুপ্পুকে রাষ্ট্রপতি নিয়োগ দিয়ে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রপতি নিয়োগের ১০ মিনিট আগেও কেউ জানত না যে রাষ্ট্রপতি কে হবে। সবাইকে অবাক করে দিয়ে নেত্রী সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দিয়েছেন। শেখ হাসিনা ভাগ্যবতি, তিনি বাঁচলে বাংলাদেশ বাঁচবে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে আবার ক্ষমতায় দেখতে চায়।’
এ সময় তিনি কোম্পানীগঞ্জ উপজলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে কোম্পানীগঞ্জ উপজেলা, বসুরহাট পৌরসভা, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি), শিক্ষা প্রকৌশল অধিদফতর, দূর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের ২৩টি প্রকল্প উদ্বোধন করেন। ২৩টি উন্নয়ন প্রকল্প নির্মাণ ব্যয় হচ্ছে ৮২ কোটি ৫৬ লাখ ৯৭ হাজার ৮০২৫ টাকা। বৃত্তি প্রদান অনুষ্ঠানে সভাপত্বি করেন বামনী ডিগ্রি কলেজের অধ্যক্ষ রাহবার হোসেন এবং স ালনা করেন শিক্ষিকা নাজমা আক্তার শিফা ও ফরিদা ইয়াছমিন মুক্তা। এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, পুলিশ সুপার শহিদুল ইসলাম, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: শাহাব উদ্দিন, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা, এলিন গ্রুপের পরিচালক গোলাম শরিফ চৌধুরী পিপুল, বাংলাদেশ ব্যাংকার্স পরিষদের সদস্য ফখরুল ইসলাম রাহাত, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতা ইস্কান্দার মির্জা শামীম, জেলা আওয়ামী লীগের সদস্য নাজমুল হক নাজিম, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদল প্রমুখ।