পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সিরাজগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচিকে পুলিশ বিভাগের প্রতিটি স্তরে ছড়িয়ে দেওয়ার অংশ হিসেবে জেলার ৯টি উপজেলার থানায় একযোগে বৃক্ষরোপণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বুধবার (১৭ জুন) সকাল সাড়ে ১০টার দিকে সিরাজগঞ্জ পুলিশ সুপারের কার্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)। উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। একইসঙ্গে জেলার সকল থানায় পর্যায়ক্রমে বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে। কর্মসূচির মাধ্যমে থানার পরিবেশ সবুজায়নের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা হবে বলে জানানো হয়। এ সময় পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু বলেন, প্রকৃতি ও পরিবেশ রক্ষায় বৃক্ষের কোনো বিকল্প নেই। একটি গাছ শুধু অক্সিজেনই দেয় না, এটি পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই প্রত্যেক নাগরিকের উচিত অন্তত একটি করে গাছ রোপণ করা এবং তা পরিচর্যা করা। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচিকে সফল করতে জেলা পুলিশ সক্রিয়ভাবে কাজ করছে। পুলিশের প্রতিটি ইউনিট ও থানায় বৃক্ষরোপণের পাশাপাশি জনগণকেও এ কার্যক্রমে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তারা পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ আন্দোলনকে সামাজিক আন্দোলনে পরিণত করার আহ্বান জানান। কর্মসূচির অংশ হিসেবে জেলার বিভিন্ন থানায় পর্যায়ক্রমে আরও বৃক্ষরোপণ ও পরিচর্যা কার্যক্রম পরিচালিত হবে বলে জেলা পুলিশ সূত্রে জানা গেছে।
সংবাদ শিরোনাম
সিরাজগঞ্জে পুলিশ বিভাগের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
-
বদরুল আলম দুলাল সিরাজগঞ্জ - আপডেট সময় ০৩:৫৫:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
- 118
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ
























