মুন্সীগঞ্জ পৌরসভার মোল্লারচর এলাকায় কথা-কাটাকাটিকে কেন্দ্র করে দোকানপাট ও বাড়িঘরে হামলা, ভাঙচুর এবং লুটপাটের অভিযোগ উঠেছে জুলাই শহীদ পরিবারের সদস্য মো. সাইফুল ও উত্তর ইসলামপুরের কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, সোমবার (২ নভেম্বর) দুপুর আনুমানিক ১২টার দিকে সাইফুলের নেতৃত্বে ২০ থেকে ৩০ জনের একটি দল লাঠিসোঁটা নিয়ে মোল্লারচর এলাকায় মনির মোল্লার দোকানে হামলা চালায়। এ সময় দোকানের ক্যাশে থাকা ২ লাখ ৭৫ হাজার টাকাসহ বিভিন্ন মালামাল লুট করে নেওয়া হয়। পাশাপাশি দোকানের বিভিন্ন সরঞ্জাম ভাঙচুর করা হয়। এতে প্রায় ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন স্থানীয় মো. গোলজার হোসেন। স্থানীয় মহারানী বেগম অভিযোগ করেন, এর আগের রাতেও হামলাকারীরা মনির মোল্লার ছোট ভাই সালাম মোল্লা, ভাতিজা ইসলাম মোল্লাসহ আরও দুটি বাড়িতে হামলা চালায়। এ সময় তাঁর কানের স্বর্ণের দুল ও গলার চেইন নিয়ে যাওয়া হয়। পাশাপাশি ঘরের আসবাবপত্র ভাঙচুর করা হয়। স্থানীয় ফরিদা বেগম বলেন, ‘তারা প্রায়ই আমাদের এলাকায় হামলা চালায়। তাদের অত্যাচারে আমরা অতিষ্ঠ। কোনো ঘটনা ঘটলেই শহরে যাতায়াতের জন্য আমাদের একমাত্র বাঁশের সাঁকোটি বন্ধ করে দেয়।’ এদিকে ঘটনার খবর পেয়ে মুন্সীগঞ্জ সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সজীব দে ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি সংবাদমাধ্যমকে জানান, অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। আইনের প্রয়োগ সবার জন্য সমান। এ বিষয়ে অভিযুক্ত মো. সাইফুলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি। মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তছলিম উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদ শিরোনাম
মুন্সীগঞ্জে বাড়িঘর ও দোকানে হামলা, ভাঙচুর লুটপাটের অভিযোগ
-
হুমায়ুন কবির মুন্সীগঞ্জ - আপডেট সময় ০৮:২৯:০৪ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
- 4
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ






















