ঋণগ্রহীতাদের ঋণসংক্রান্ত তথ্য যাচাই, ঋণ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত এবং খেলাপি ঋণ নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে CIB সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেছে কর্মসংস্থান ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে ৯ নভেম্বর ২০২৬ তারিখ সোমবার এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন বাংলাদেশ ব্যাংকের সিআইবির পরিচালক জনাব মো. শফিকুল ইসলাম এবং কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব অরুন কুমার চৌধুরী।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর জনাব মো. আনিছুর রহমান। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (পরিসংখ্যান-১) জনাব আশীষ কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক (পরিসংখ্যান-২) জনাব শবনম শিরিন, নির্বাহী পরিচালক জনাব মো. মজিবুর রহমান শেখ এবং পরিচালক জনাব মুহম্মদ মাহফুজুর রহমান খান, কর্মসংস্থান ব্যাংকের মহাব্যবস্থাপক জনাব মো. শফিকুল ইসলাম মিঞা ও জনাব মো. আমিরুল ইসলাম এবং উপমহাব্যবস্থাপক জনাব মো. মশিউর রহমান ও জনাব মুহাম্মদ মাসুদুর রহমানসহ বাংলাদেশ ব্যাংক ও কর্মসংস্থান ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এই চুক্তির ফলে কর্মসংস্থান ব্যাংক ঋণ আবেদনকারীদের বিদ্যমান ঋণ, ঋণ পরিশোধের ইতিহাস এবং ঋণসংক্রান্ত অন্যান্য তথ্য বাংলাদেশ ব্যাংকের সিআইবির মাধ্যমে যাচাইয়ের সুযোগ পাবে। এতে ঋণ অনুমোদনের আগে আবেদনকারীর ঋণ পরিস্থিতি সম্পর্কে অধিকতর নির্ভরযোগ্য তথ্য পাওয়া সহজ হবে। বিশেষ করে একই ঋণগ্রহীতার একাধিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ, বিদ্যমান ঋণের দায় এবং ঋণ পরিশোধে অনিয়মের তথ্য যাচাইয়ের মাধ্যমে ঋণ প্রদানের ঝুঁকি নিরূপণ করা সম্ভব হবে। ফলে ঋণ বিতরণে যথাযথ যাচাই-বাছাই জোরদার, ঋণ ব্যবস্থাপনায় শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং অনিচ্ছাকৃত ঋণঝুঁকি কমাতে এ চুক্তি সহায়ক হবে এবং ঋণ নথি ব্যবস্থাপনায় গতিশীলতা আসবে।
খবরপত্র ডেস্ক: 

























