আল্লাহর সৃষ্টি যত গভীরভাবে মানুষ উপলব্ধি করে, তাঁর প্রতি কৃতজ্ঞতাবোধও তত বৃদ্ধি পায়। একজন মুমিন যখন আকাশের বিশালতা, পৃথিবীর বৈচিত্র্য কিংবা নিজের শরীরের গঠন নিয়ে চিন্তা করেন, তখন তিনি বুঝতে পারেনÑএসব কিছুই মহান আল্লাহর অসীম কুদরতের নিদর্শন।
পবিত্র কোরআনে আল্লাহর সৃষ্টির নিদর্শন নিয়ে চিন্তাশীল মুমিনদের একটি সুন্দর দোয়া তুলে ধরা হয়েছে, ‘হে আমাদের প্রতিপালক! আপনি এসব নিরর্থক সৃষ্টি করেননি। আপনি পবিত্র, মহান। সুতরাং আমাদের জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন।’ (সুরা : আলে ইমরান, আয়াত : ১৯১)
এ উপলব্ধি মানুষকে নিজের জীবন, কথা, কাজ ও আচরণকেও সুন্দর করে গড়ে তোলার প্রেরণা জোগায়।
যে স্রষ্টা সমগ্র জগৎকে এত সুন্দরভাবে সাজিয়েছেন, তাঁর বান্দা হিসেবে মানুষেরও উচিত নিজের জীবনকে সৌন্দর্য ও কল্যাণে সাজানো।
১. বাহ্যিক সৌন্দর্য ও পরিচ্ছন্নতার প্রতি ইসলামের দৃষ্টিভঙ্গি : ইসলাম মানুষের বাহ্যিক সৌন্দর্য ও পরিচ্ছন্নতাকে গুরুত্ব দিয়েছে। সুন্দর পোশাক পরা, শরীর পরিচ্ছন্ন রাখা, সুগন্ধি ব্যবহার করা এবং মার্জিতভাবে নিজেকে উপস্থাপন করা ইসলামের সৌন্দর্যবোধের অংশ। রাসুলুল্লাহ (সা.)-এর কাছে সৌন্দর্য সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি অহংকারের সঙ্গে সৌন্দর্যের পার্থক্য স্পষ্ট করে দেন।
এক ব্যক্তি বললেন, মানুষ তো পছন্দ করে তার পোশাক সুন্দর হোক এবং জুতা সুন্দর হোক। রাসুলুল্লাহ (সা.) বললেন, ‘নিশ্চয়ই আল্লাহ সুন্দর, তিনি সৌন্দর্য ভালোবাসেন। অহংকার হলো সত্যকে প্রত্যাখ্যান করা এবং মানুষকে তুচ্ছজ্ঞান করা।’ (সহিহ মুসলিম, হাদিস : ৯১)
তাই সুন্দর পোশাক পরা কিংবা নিজের পরিচ্ছন্নতা বজায় রাখা অহংকার নয়। অহংকার তখনই হয়, যখন মানুষ নিজের সৌন্দর্য, সম্পদ কিংবা মর্যাদা নিয়ে অন্যকে হেয় করে এবং সত্যকে গ্রহণ করতে অস্বীকার করে।
তবে সৌন্দর্যচর্চার নামে সীমালঙ্ঘন নিন্দনীয়।
২. সৌন্দর্যের প্রকৃত পরিচয় চরিত্রে : মানুষের বাহ্যিক সৌন্দর্য প্রথমে দৃষ্টিতে ধরা পড়ে, কিন্তু তার প্রকৃত পরিচয় প্রকাশ পায় চরিত্রে। সুন্দর চেহারা মানুষকে সাময়িকভাবে আকৃষ্ট করতে পারে, কিন্তু সুন্দর ব্যবহার মানুষের হৃদয়ে স্থায়ী জায়গা করে নেয়। এ কারণেই রাসুলুল্লাহ (সা.) নিজের বাহ্যিক সৌন্দর্যের পাশাপাশি চরিত্রের সৌন্দর্য অর্জনের জন্য দোয়া করতেন। দোয়াটি হলো,
উচ্চারণ : আল্লাহুম্মা কামা আহসানতা খালকি, ফা-আহসিন খুলুকি।
অর্থ : ‘হে আল্লাহ! আপনি যেমন আমার আকৃতি সুন্দর করেছেন, তেমনি আমার চরিত্রও সুন্দর করে দিন।’ (মুসনাদ আহমাদ, হাদিস : ২৪৩৯২)
৩. কথাবার্তার সৌন্দর্য মানুষের অন্তরের পরিচয় : মানুষের অন্তরের অবস্থা তার কথাবার্তার মাধ্যমে অনেকাংশে প্রকাশ পায়। যার অন্তর পবিত্র, তার মুখের ভাষায় সাধারণত কোমলতা, শালীনতা ও কল্যাণের প্রতিফলন ঘটে। পক্ষান্তরে, যার অন্তর হিংসা, বিদ্বেষ ও অহংকারে পরিপূর্ণ, তার কথাবার্তায়ও অনেক সময় তার প্রতিফলন দেখা যায়। এ জন্যই মহান আল্লাহ মানুষকে সুন্দর ভাষায় কথা বলার নির্দেশ দিয়েছেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘তোমরা মানুষের সঙ্গে উত্তম কথা বলো।’ (সুরা বাকারা, আয়াত: ৮৩)
আবার একটি কটু কথা দীর্ঘদিনের সম্পর্ক নষ্ট করে দিতে পারে, কারও আত্মসম্মানে আঘাত করতে পারে এবং গভীর মানসিক কষ্টের কারণ হতে পারে। তাই রাসুলুল্লাহ (সা.) অশ্লীলতা ও কদর্য ভাষা থেকে মানুষকে সতর্ক করেছেন। তিনি বলেছেন, ‘মুমিন ব্যক্তি কখনো দোষারোপকারী, অভিশাপকারী, অশ্লীলভাষী ও নির্লজ্জ হয় না।’ (জামে তিরমিজি, হাদিস: ১৯৭৭)
৪. ধৈর্য, ক্ষমা ও উদারতায় সৌন্দর্যের প্রকাশ : সৌন্দর্যের একটি গুরুত্বপূর্ণ দিক হলো আত্মসংযম। রাগের মুহূর্তে নিজেকে নিয়ন্ত্রণ করা, কষ্টের সময় ধৈর্য ধারণ করা এবং প্রতিশোধ নেওয়ার সুযোগ থাকা সত্ত্বেও ক্ষমা করে দেওয়াÑএসবই অন্তরের সৌন্দর্যের অনন্য প্রকাশ।
সুন্দর ধৈর্য : জীবনে বিপদ-আপদ, দুঃখ-কষ্ট ও নানা প্রতিকূলতা আসবেই। এসব পরিস্থিতিতে হতাশ না হয়ে আল্লাহর ওপর ভরসা রেখে ধৈর্য ধারণ করা মুমিনের বৈশিষ্ট্য। পবিত্র কোরআনে হজরত ইয়াকুব (আ.)-এর ধৈর্যের কথা উল্লেখ করে বলা হয়েছে, ‘সুতরাং সুন্দর ধৈর্যই আমার একমাত্র অবলম্বন।’ (সুরা : ইউসুফ, আয়াত : ১৮)
সুন্দর ধৈর্য বলতে এমন ধৈর্যকে বোঝায়, যেখানে মানুষ আল্লাহর প্রতি অসন্তুষ্টি প্রকাশ না করে নিজের কষ্ট ও বেদনাকে সংযমের সঙ্গে সামলে নেয়। এর অর্থ এই নয় যে মানুষ নিজের দুঃখের কথা কাউকে বলতে পারবে না; বরং অভিযোগ ও হতাশার পরিবর্তে আল্লাহর ওপর আস্থা রেখে পরিস্থিতি মোকাবেলা করবে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি ধৈর্য ধারণের চেষ্টা করে, আল্লাহ তাকে ধৈর্যশীল করে দেন। আর ধৈর্যের চেয়ে উত্তম ও ব্যাপক কোনো দান কাউকে দেওয়া হয়নি।’ (সহিহ বুখারি, হাদিস : ১৪৬৯; সহিহ মুসলিম, হাদিস : ১০৫৩)
সুন্দর ক্ষমা : মানুষের জীবনে এমন অনেক ঘটনা ঘটে, যেখানে অন্যের আচরণে কষ্ট পাওয়া কিংবা প্রতিশোধ নেওয়ার ইচ্ছা জাগা স্বাভাবিক। কিন্তু যে ব্যক্তি নিজের রাগ ও প্রতিহিংসাকে নিয়ন্ত্রণ করে অন্যকে ক্ষমা করে দিতে পারেন, তিনি প্রকৃত অর্থেই সুন্দর চরিত্রের অধিকারী। মহান আল্লাহ বলেন, ‘যারা রাগ সংবরণ করে এবং মানুষকে ক্ষমা করে। আর আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন।’ (সুরা আলে ইমরান, আয়াত: ১৩৪)
সুন্দর বর্জন : কখনো কখনো মানুষের সঙ্গে দূরত্ব বজায় রাখাও প্রয়োজন হয়ে পড়ে। কিন্তু সেই দূরত্ব যেন প্রতিহিংসা, অপমান কিংবা অন্যের ক্ষতি করার মাধ্যমে প্রকাশ না পায়। বরং সংযম ও শালীনতা বজায় রেখে কারও কাছ থেকে সরে আসাই সুন্দর বর্জনের পরিচয়। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা রাসুলুল্লাহ (সা.)-কে নির্দেশ দিয়েছেন, ‘আর তারা যা বলে, তাতে ধৈর্য ধারণ করুন এবং সুন্দরভাবে তাদের পরিহার করুন।’ (সুরা : মুজ্জাম্মিল, আয়াত : ১০)
৫. সুন্দর কণ্ঠস্বর ও সুমধুর কোরআন তিলাওয়াত : আল্লাহ কাউকে সুমধুর কণ্ঠস্বর দান করেছেন, কাউকে দিয়েছেন সুন্দরভাবে কথা বলার দক্ষতা। এসব নিয়ামতের যথাযথ ব্যবহারও সৌন্দর্যচর্চার অংশ। বিশেষত পবিত্র কোরআন তিলাওয়াতের ক্ষেত্রে সুন্দর কণ্ঠস্বরের গুরুত্ব রয়েছে। রাসুলুল্লাহ (সা.) সাহাবি আবু মুসা আশআরি (রা.)-এর কোরআন তিলাওয়াত শুনে মুগ্ধ হয়েছিলেন। তিনি তাঁকে বলেছিলেন, ‘হে আবু মুসা! গত রাতে তুমি যখন কোরআন তিলাওয়াত করছিলে, তখন যদি তুমি আমাকে দেখতে! তোমাকে দাউদ (আ.)-এর পরিবারের সুমধুর কণ্ঠস্বরের একটি অংশ দেওয়া হয়েছে।’ (সহিহ বুখারি, হাদিস : ৫০৪৮; সহিহ মুসলিম, হাদিস : ৭৯৩)
৬. জীবনসঙ্গী নির্বাচনে বাহ্যিক সৌন্দর্যের পাশাপাশি চরিত্রকে গুরুত্ব দেওয়া : মানুষের স্বাভাবিক প্রবৃত্তি হলো সুন্দর ও আকর্ষণীয় কিছু পছন্দ করা। জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রেও বাহ্যিক সৌন্দর্যের প্রতি আকর্ষণ থাকা অস্বাভাবিক নয়। ইসলামও এ বিষয়টিকে অস্বীকার করেনি। তবে শুধু সৌন্দর্যকে বিবাহের প্রধান মানদ- বানানো বুদ্ধিমানের কাজ নয়। রাসুলুল্লাহ (সা.) জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে দ্বিনদারিকে অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, ‘নারীকে চারটি কারণে বিবাহ করা হয়Ñতার সম্পদ, বংশমর্যাদা, সৌন্দর্য ও দ্বিনদারির কারণে। সুতরাং তুমি দ্বিনদার নারীকে প্রাধান্য দাও, তবেই সফল হবে।’ (সহিহ বুখারি, হাদিস : ৫০৯০; সহিহ মুসলিম, হাদিস : ১৪৬৬)
৭. কৃত্রিম সৌন্দর্যের মোহ থেকে বিরত থাকা : সৌন্দর্য মানুষের স্বাভাবিক আকাক্সক্ষা হলেও কখনো কখনো তা অতিরিক্ত মোহ ও আসক্তিতে পরিণত হয়। তখন মানুষ নিজের স্বাভাবিক অবয়ব নিয়ে অসন্তুষ্ট হয়ে পড়ে। সামান্য ত্রুটি দূর করার নামে বারবার অস্ত্রোপচার, অপ্রয়োজনীয় প্রসাধনী ব্যবহার কিংবা নানা কৃত্রিম উপায়ে সৌন্দর্য অর্জনের চেষ্টা করে। এতে অনেক সময় শারীরিক, মানসিক ও আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়।
ইসলাম পরিচ্ছন্নতা ও সৌন্দর্যচর্চার অনুমতি দিলেও আল্লাহর সৃষ্টির প্রতি অসন্তুষ্টি, প্রতারণা এবং শরিয়তবিরোধী পরিবর্তনকে সমর্থন করে না। বিশেষ করে সৌন্দর্যের নামে অপ্রয়োজনীয় ও ক্ষতিকর পরিবর্তন থেকে বিরত থাকা উচিত। আল্লাহ বলেন, ‘আর তোমরা পানাহার করো, কিন্তু অপচয় করো না। নিশ্চয়ই তিনি অপচয়কারীদের ভালোবাসেন না।’ (সুরা : আরাফ, আয়াত : ৩১)
৮. আত্মশুদ্ধিই অন্তরের সৌন্দর্য অর্জনের পথ : মানুষের বাহ্যিক অবয়ব জন্মগতভাবে যেমনই হোক না কেন, তার চরিত্র ও মন-মানসিকতাকে সুন্দর করে গড়ে তোলার সুযোগ সব সময় রয়েছে। হিংসা, অহংকার, লোভ, বিদ্বেষ, কৃপণতা ও অসহিষ্ণুতার মতো মন্দ স্বভাব পরিহার করে ধীরে ধীরে উত্তম গুণাবলি অর্জন করা সম্ভব। আল্লাহ বলেন, ‘নিশ্চয়ই সফল হয়েছে সে, যে নিজের আত্মাকে পরিশুদ্ধ করেছে। আর ব্যর্থ হয়েছে সে, যে তাকে কলুষিত করেছে।’ (সুরা শামস, আয়াত: ৯-১০)
আল্লাহ আমাদের বাহ্যিক ও অভ্যন্তরীণ সৌন্দর্যে সমৃদ্ধ করুন এবং আমাদের জীবনকে তাঁর সন্তুষ্টি অনুযায়ী সুন্দর করে গড়ে তোলার তাওফিক দান করুন। আমিন।
সংবাদ শিরোনাম
সৌন্দর্য উপলব্ধি থেকে কৃতজ্ঞতার ৮ শিক্ষা
-
মুফতি ওমর বিন নাছির - আপডেট সময় ০৫:৪৬:৫১ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
- 5
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

























