কক্সবাজারের হোটেল শৈবাল সংলগ্ন প্রতিবেশগত সংকটাপন্ন (ঊঈঅ) সৈকত ও ঝাউবন এলাকায় তিন মাসব্যাপী বাণিজ্য মেলার আদলে ‘পর্যটন কার্নিভাল’ আয়োজনের সিদ্ধান্ত বাতিল এবং পরিবেশ সুরক্ষার দাবিতে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন পরিবেশবাদী ও স্থানীয় সচেতন মহল। আজ ১৫ নভেম্বর ২০২৬ থেকে আগামী ৩১ জানুয়ারি ২০২৭ পর্যন্ত অনুষ্ঠেয় এই কার্নিভালের জন্য প্রাকৃতিক সুরক্ষাপ্রাচীর খ্যাত ঝাউগাছ কাটা এবং সৈকতের ইকোসিস্টেম ধ্বংসের প্রক্রিয়া নিয়ে সর্বত্র সমালোচনার ঝড় উঠলেও জেলা প্রশাসনের ঘুম ভাংছে না। জানা গেছে, কক্সবাজারকে আন্তর্জাতিক মানের পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার নামে সমুদ্রসৈকতের অন্যতম প্রধান প্রাকৃতিক ঢাল ঝাউবন এবং সংবেদনশীল বালিয়াড়ি এলাকায় ‘কক্সবাজার পর্যটন কার্নিভাল’ আয়োজনের তোড়জোড় চলছে। বাংলাদেশ পর্যটন কর্পোরেশন (ইচঈ) এবং একটি বেসরকারি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়েছে। তবে বিনোদন ও বাণিজ্যের প্রসারের নামে কাটা হচ্ছে প্রকৃতির ঢাল ঝাউগাছ। ঝাউগাছ কেটে এবং সৈকতের পরিবেশ বিপন্ন করায় এই মেলা আয়োজনের সিদ্ধান্তকে ‘আত্মঘাতী’ বলে আখ্যা দিয়েছেন পরিবেশ সচেতন মহল। জনগনের প্রশ্ন! প্রাকৃতিক সুরক্ষাপ্রাচীরে আঘাত কেন? কক্সবাজার সমুদ্রসৈকতের ঝাউবন কেবল একটি দর্শনীয় স্থান নয়, এটি প্রাকৃতিকভাবে জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় এবং সমুদ্রের ঢেউয়ের ভাঙন থেকে উপকূলকে রক্ষা করে। বালিয়াড়ি ধরে রাখতে এই ঝাউগাছের ভূমিকা অপরিসীম। স্থানীয়দের অভিযোগ, কার্নিভালের স্টল, লাইভ মিউজিক স্টেজ, ক্যাম্পিং জোন এবং ফুড কোর্ট তৈরির জন্য গোপনে ও প্রকাশ্যে ঝাউগাছ কাটা হয়েছে এবং বালিয়াড়ি সমান করা হয়েছে। পরিবেশবাদীদের প্রশ্ন, বিনোদনের জন্য কেন দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রাকৃতিক প্রাচীরকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হচ্ছে? জবাবদিহিতা এড়াচ্ছে পরিবেশ অধিদপ্তর সহ প্রশাসন! কক্সবাজার সমুদ্রসৈকত আইনগতভাবে ‘প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা’ (ঊঈঅ) হিসেবে ঘোষিত। আইন অনুযায়ী, এই এলাকার কোনো প্রাকৃতিক বৈশিষ্ট্য পরিবর্তন করা, গাছ কাটা বা ভারী স্থাপনা তৈরি করা সম্পূর্ণ নিষিদ্ধ। এই নিষেধাজ্ঞা অমান্য করে কীভাবে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন (ইচঈ) এই মেলার অনুমোদন দিল, তা নিয়ে গভীর রহস্যের সৃষ্টি হয়েছে। পরিবেশবাদী সংগঠনগুলোর পক্ষ থেকে পরিবেশ অধিদপ্তর, জেলা প্রশাসন এবং কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) তীব্র সমালোচনা করা হয়েছে। সরকারি ও আইনি এই অভিভাবক সংস্থাগুলো কেন নীরব ভূমিকা পালন করছে এবং কার স্বার্থে এই পরিবেশ বিধ্বংসী আয়োজনের ছাড়পত্র দেওয়া হলোÑএই জবাবদিহিতা এখন সাধারণ জনগণের মূল দাবিতে পরিণত হয়েছে। জনতার দাবী, উন্মুক্ত বিকল্প স্থান থাকতে সৈকতে ঝাউগাছ কেটে কেন? বিশেষজ্ঞ এবং নাগরিক সমাজের মতে, কক্সবাজারে পর্যটন কার্নিভাল বা মেলা করার মতো একাধিক উন্মুক্ত স্থান বা মাঠ রয়েছে। বীর শ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়াম বা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের সংলগ্ন মাঠসহ অন্য কোনো খোলা জায়গায় এই মেলা করলে পরিবেশের বিন্দুমাত্র ক্ষতি হতো না। সৈকতে মেলার কারণে যে ৩টি বড় বিপর্যয় ঘটবে: জীববৈচিত্র্য ধ্বংস: তিন মাসব্যাপী গভীর রাত পর্যন্ত মেগা লাইট ও তীব্র সাউন্ড সিস্টেমের কারণে সৈকতের বালিয়াড়িতে থাকা বিপন্ন লাল কাঁকড়া, কচ্ছপের ডিম পাড়ার পরিবেশ এবং সামুদ্রিক পাখির আবাসস্থল সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। প্লাস্টিক ও বর্জ্য দূষণ: প্রতিদিন হাজার হাজার মানুষের ফুড কোর্ট ব্যবহার এবং প্লাস্টিক বর্জ্য সরাসরি সমুদ্রের পানিতে মিশে পানি ও জলজ প্রাণীর মারাত্মক ক্ষতি করবে। উপকূলের ভাঙ্গন: বালিয়াড়ি ও ঝাউবন ক্ষতিগ্রস্ত হওয়ায় আগামী বর্ষা মৌসুমে কক্সবাজারের এই অংশে তীব্র সমুদ্র ভাঙ্গন দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। নাগরিক প্রতিক্রিয়া: স্থানীয় পরিবেশ আন্দোলনের এক নেতা বলেন, পর্যটন প্রচারের নামে আমরা যদি সমুদ্রকেই বিষাক্ত করে তুলি এবং আমাদের রক্ষাকবচ ঝাউবন কেটে ফেলি, তবে ভবিষ্যতে কোনো পর্যটকই কক্সবাজারে আসবে না। পর্যটন কর্পোরেশনের এই বাণিজ্যিক মানসিকতা অবিলম্বে বন্ধ হওয়া উচিত। পরিবেশবাদী ও সাধারণ নাগরিকরা অবিলম্বে এই পরিবেশ বিধ্বংসী কার্নিভাল বন্ধ অথবা সৈকতের বাইরে কোনো উন্মুক্ত মাঠে তা স্থানান্তরের জন্য সরকারের উচ্চ মহলের হস্তক্ষেপ দাবি করছেন।
সংবাদ শিরোনাম
কক্সবাজার সৈকতে ঝাউবন কেটে বাণিজ্যমেলা ক্ষোভে ফুঁসছে পরিবেশ সচেতন মহল
-
মনির আহমদ কক্সবাজার - আপডেট সময় ০১:৩৭:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
- 5
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ



















