শরীয়তপুরের ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তা মো. শরীয়তউল্লাহর বিরুদ্ধে নামজারির ফাইল আটকে রেখে ১০ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ ঘটনায় সোমবার (১৬ নভেম্বর) দুপুরে ওই ভূমি অফিসে আকস্মিক অভিযান চালিয়েছে দুদকের শরীয়তপুর-মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল। দুদক সূত্রে জানা গেছে, গত ১ নভেম্বর নামজারির কাজ সম্পন্ন করার জন্য ১০ হাজার টাকা ঘুষ দাবি এবং পরবর্তী সময়ে ক্যামেরার সামনে ওই টাকা ফেরত দেওয়ার একটি ঘটনা গণমাধ্যমে প্রকাশিত হয়। বিষয়টি দুদকের নজরে এলে অভিযোগের সত্যতা যাচাইয়ে সোমবার দুপুর ১টার দিকে অভিযান পরিচালনা করা হয়। দুদকের শরীয়তপুর-মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয়ের সিনিয়র সহকারী পরিচালক মো. আরিফ হোসেনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে কর্মকর্তারা ভুক্তভোগী ও অভিযুক্ত ভূমি কর্মকর্তার সঙ্গে কথা বলেন। একই সঙ্গে সংশ্লিষ্ট নথিপত্রও যাচাই-বাছাই করেন তাঁরা। অভিযান শেষে প্রাথমিক অনুসন্ধানে অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে জানায় দুদক। এ ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণের জন্য কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন পাঠানো হবে বলেও জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ বিষয়ে দুদকের সিনিয়র সহকারী পরিচালক মো. আরিফ হোসেন বলেন, গণমাধ্যমে প্রকাশিত সংবাদের সূত্র ধরেই তাঁরা অভিযান পরিচালনা করেছেন। প্রাথমিক অনুসন্ধানে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন তৈরি করে শিগগিরই কমিশনে পাঠানো হবে। অন্যদিকে, অভিযোগের বিষয়ে অভিযুক্ত উপ-সহকারী ভূমি কর্মকর্তা মো. শরীয়তউল্লাহ দাবি করেছেন, একটি মহল তাঁকে পরিকল্পিতভাবে ফাঁসানোর চেষ্টা করছে। তবে এ বিষয়ে গণমাধ্যমের সামনে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দিতে রাজি হননি তিনি। দুদকের এ অভিযানকে ঘিরে স্থানীয় ভূমি অফিসের সেবা কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।
সংবাদ শিরোনাম
শরীয়তপুরে ১০ হাজার টাকার ঘুষকান্ডে ভূমি অফিসে দুদকের হানা, প্রাথমিক অনুসন্ধানে মিলেছে সত্যতা
-
মঞ্জুরুল ইসলাম রনি শরীয়তপুর - আপডেট সময় ০১:৪১:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
- 2
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ



















