ফেসবুক ব্যবহারকারীদের জন্য বড় পরিবর্তন আনছে মূল প্রতিষ্ঠান মেটা। একই অ্যাকাউন্টের অধীনে একাধিক ব্যক্তিগত প্রোফাইল ব্যবহারের সুবিধা আর থাকছে না। আগামী ১৪ ডিসেম্বর ২০২৬-এর পর ব্যবহারকারীদের অতিরিক্ত বা অ্যাডিশনাল প্রোফাইলগুলো স্থায়ীভাবে মুছে ফেলবে ফেসবুক। ফলে এসব প্রোফাইলে থাকা ছবি, পোস্টসহ অন্যান্য তথ্যও হারিয়ে যাবে। তবে এতে ব্যবহারকারীর মূল ফেসবুক প্রোফাইল কিংবা তার পরিচালিত ফেসবুক পেজের কোনো ক্ষতি হবে না।
কেন এই সিদ্ধান্ত নিল ফেসবুক?
২০২৩ সালের সেপ্টেম্বরে ফেসবুক চালু করেছিল অ্যাডিশনাল প্রোফাইল তৈরির সুবিধা। এর মাধ্যমে একজন ব্যবহারকারী নিজের মূল অ্যাকাউন্টের অধীনে সর্বোচ্চ চারটি অতিরিক্ত ব্যক্তিগত প্রোফাইল তৈরি করতে পারতেন। অর্থাৎ একটি অ্যাকাউন্টে মূল প্রোফাইলসহ মোট পাঁচটি প্রোফাইল ব্যবহারের সুযোগ ছিল।
এই সুবিধার উদ্দেশ্য ছিল ব্যক্তিগত জীবন, কাজ, শখ কিংবা আলাদা সামাজিক যোগাযোগের পরিসরকে পৃথক রাখা। যেমন, কেউ মূল প্রোফাইলে পরিবারের সদস্য ও পরিচিতদের সঙ্গে যোগাযোগ রাখতেন, অন্য প্রোফাইল ব্যবহার করতেন বন্ধু বা নির্দিষ্ট আগ্রহের মানুষের সঙ্গে যুক্ত থাকতে।
তবে মেটার মতে, একাধিক প্রোফাইল ব্যবহারের সুবিধা প্ল্যাটফর্ম পরিচালনায় বাড়তি জটিলতা তৈরি করেছে। ব্যবহারকারীদের জন্য অভিজ্ঞতা আরও সহজ ও ধারাবাহিক করতে প্রতিষ্ঠানটি এখন একটি মূল প্রোফাইল ব্যবস্থায় ফিরে যেতে চায়।
কোন প্রোফাইলগুলো মুছে যাবে?
এখানে মূল বিষয়টি হলো, ফেসবুকের সব অ্যাকাউন্ট বন্ধ হচ্ছে না। সাইন-আপের সময় তৈরি করা প্রথম বা মূল প্রোফাইলটি আগের মতোই থাকবে। একইভাবে ফেসবুক পেজও এই সিদ্ধান্তের আওতায় পড়বে না। শুধু মূল অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত অতিরিক্ত ব্যক্তিগত প্রোফাইলগুলো মুছে ফেলা হবে।
যেভাবে আগেই সংরক্ষণ করবেন নিজের তথ্য
অতিরিক্ত প্রোফাইলে থাকা ছবি, ভিডিও, পোস্টসহ প্রয়োজনীয় তথ্য রাখতে চাইলে ১৪ ডিসেম্বরের আগেই সেগুলো ডাউনলোড বা এক্সপোর্ট করতে হবে। এজন্য প্রথমে যে অতিরিক্ত প্রোফাইলটির তথ্য সংরক্ষণ করতে চান, সেটিতে সুইচ করুন। এরপর ধাপে ধাপে-
ফেসবুকের ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ অপশনে যান।
সেখান থেকে ‘সেটিংস’ নির্বাচন করুন।
‘ইওর ইনফরমেশন অ্যান্ড পারমিশনস’ বিভাগে প্রবেশ করুন।
‘এক্সপোর্ট ইওর ইনফরমেশন’ নির্বাচন করে ‘ক্রিয়েট এক্সপোর্ট’ অপশনে যান।
কোন কোন তথ্য সংরক্ষণ করতে চান, তা বেছে নিন। এরপর নিজের ডিভাইসে ডাউনলোড অথবা অন্য কোনো সেবায় সংরক্ষণের অপশন নির্বাচন করুন।
একাধিক অতিরিক্ত প্রোফাইল থাকলে প্রতিটির জন্য আলাদাভাবে তথ্য সংরক্ষণের অনুরোধ করতে হবে। এই প্রক্রিয়ায় সময় লাগতে পারে। তাই শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা না করে আগেই কাজটি সেরে নেওয়া ভালো।
গ্রুপ পরিচালকদের জন্য বিশেষ সতর্কতা
যারা অতিরিক্ত প্রোফাইল দিয়ে কোনো ফেসবুক গ্রুপ পরিচালনা করেন, তাদেরও ১৪ ডিসেম্বরের আগে ব্যবস্থা নিতে হবে। ওই প্রোফাইলের পরিবর্তে মূল প্রোফাইল বা অন্য কাউকে গ্রুপের অ্যাডমিন করতে হবে। তা না হলে নতুন অ্যাডমিন যুক্ত না হওয়া পর্যন্ত গ্রুপটি সাময়িকভাবে স্থগিত হয়ে যেতে পারে।
এছাড়া অতিরিক্ত প্রোফাইলের বন্ধু, গ্রুপ ও পছন্দের পেজগুলো মূল প্রোফাইলে স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হবে না। প্রয়োজনীয় বন্ধুদের আবার যুক্ত করতে হবে, গ্রুপে পুনরায় যোগ দিতে হবে এবং পেজগুলো ফলো করতে হবে। কিছু ব্যবহারকারী ‘রিভিউ কানেকশনস’ অপশনের মাধ্যমে এসব সংযোগ পর্যালোচনা করে নিতে পারবেন।
তাই ফেসবুকে অতিরিক্ত প্রোফাইল ব্যবহার করলে এখনই সেটির তথ্য, বন্ধু ও গ্রুপের তালিকা দেখে নেওয়া জরুরি। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ না করলে পরে সেগুলো ফিরে পাওয়ার সুযোগ থাকবে না।
সংবাদ শিরোনাম
১৪ ডিসেম্বর থেকে মুছে যাবে ফেসবুকের অতিরিক্ত প্রোফাইল
-
আইটি ডেস্ক: - আপডেট সময় ১২:৩৬:২৩ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
- 9
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ


























