একটি একটি করে ধানের শিষ কাটছেন তারা। কেউ কাঁচি দিয়ে কাটছেন। কেউ আঁটি বাঁধছেন। কেউ মাথায় ঝুড়ি নিয়ে কাটা ধান পৌঁছে দিচ্ছেন জুমঘরে। পাহাড়ের ঢালে নারী-পুরুষের এমন কর্মব্যস্ততা জানান দিচ্ছে ঘরে ফসল তোলার সময় এসেছে।
কয়েক মাসের পরিশ্রমের পর পাকা ধান দেখে আনন্দের শেষ নেই তাদের। সোনালি ধানের শিষে যেন ফুটে উঠেছে পাহাড়ের মানুষের স্বপ্ন।
এখন বান্দরবানের পাহাড়জুড়ে চলছে জুমের ধান কাটার মৌসুম। সবুজ পাহাড়ের গায়ে সোনালি ধানের সমারোহ। কোথাও ধান কাটার ব্যস্ততা, কোথাও মাড়াই, আবার কোথাও চলছে ধান শুকানোর কাজ।
ধানের পাশাপাশি জুমে ফলেছে মারফা, ভুট্টা, মরিচ, তিল, আদা ও হলুদসহ নানা ধরনের ফসল। সব মিলিয়ে পাহাড়ের জনপদে এখন উৎসবের আমেজ।
পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী চাষ পদ্ধতি জুমচাষ। সময়ের সঙ্গে পাহাড়ে আধুনিকতার প্রভাব পড়লেও এখনও পাহাড়ের প্রান্তিক অধিবাসীরা জুমচাষ করে জীবিকা নির্বাহ করেন। স্থানীয়ভাবে তারা জুমিয়া নামে পরিচিত।
কথা হয় জুমিয়া রিংলট ম্রো ’র সঙ্গে। তার জমি বান্দরবান-রুমা সড়কের একটি পাহাড়ে। পরিবারের সদস্যদের নিয়ে পাকা জুম ধান কাটছেন তিনি। সঙ্গে শ্রমের বিনিময়ে কাজ করছেন আটজন নারী।
তিনি জানান, এ বছর তিন আড়ি বীজ দিয়ে জুম চাষ করেছেন। সময়মতো বৃষ্টি হওয়ায় ধানের ফলন ভালো হয়েছে। এবার জুম থেকে দেড়শ থেকে দুইশ আড়ি ধান পাওয়ার আশা করছেন।
বান্দরবানের বিভিন্ন পাহাড়ি পাড়ায় এখন একই চিত্র। জুমের নতুন ধান ঘরে তোলার পাশাপাশি চলছে নবান্ন উৎসবের প্রস্তুতি।
অজাই পাড়ার জুমচাষি ক্যসাচিং মারমা বলেন, এখন ধান কাটার সময়। জুমিয়ারা দলবদ্ধ হয়ে ধান কাটছে। অনেকে জমি থেকে তুলছেন মারফা, ভুট্টা ও মিষ্টিকুমড়া।
জুমচাষে কয়েক প্রজাতির ধান হয়ে থাকে। সেগুলো হলো: পিডি, মংথং, কাংবুই, চিবনিংসে ও সূর্যমনি। তার মধ্যে কালো, লাল ও সাদা বিন্নি ধান হয়ে থাকেÑযেগুলো দিয়ে তৈরি হয় মজাদার সব পিঠা।
জুমখেতে কেবল ধান নয়, বিভিন্ন ধরনের সাথী ফসলও করা হয়Ñবিশেষ করে ভুট্টা, মারফা, মিষ্টি কুমড়া, সিনাল, মরিচ, আদা, হলুদ ও তুলা। জুমের মৌসুমে এসব বিক্রি করে বাজার খরচ ওঠে অনেক জুমিয়া পরিবারে।
ভোরের আলো ফুটতেই পায়ে জুতা, পরনে লুঙ্গি, সাদা শার্ট আর হাতে কাঁচি এবং মাথার পেছনে থুরং (এক ধরনের বিশেষ ঝুড়ি) নিয়ে নিজের জমিতে চলে এসেছেন আরেক চাষি রুমেল তঞ্চঙ্গ্যা।
তার সাথে কাজ করছেন আরও ৪ জন। খাঁড়া পাহাড়ে ধান কাটতে কাটতে তিনি বলেন, ধান কাটছি।
শাকসবজিও তুলছি। ফলন ভালো। এর মধ্যে কলা, মারফাসহ আরও বেশ কিছু ফসল বিক্রি করে দেব। তবে ধান সারা বছরের খাদ্যের জন্য রেখে দেব।
প্রতিবছর নভেম্বর-ডিসেম্বর মাসে পরবর্তী বছরের জুমের জায়গা নির্ধারণ করেন চাষিরা। জানুয়ারি-ফেব্রুয়ারিতে শুরু হয় পাহাড়ের জঙ্গল পরিষ্কার। এরপর জমি প্রস্তুত করে জুন মাসে ধানসহ বিভিন্ন সাথী ফসলের বীজ বপন করা হয়। কয়েক মাসের পরিচর্যার পর ধান পেকে উঠলে শুরু হয় ফসল কাটার পালা।
সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত চলে ধান কাটা, মাড়াই ও শুকানোর কাজ। এরপর জুমঘর থেকে মূল বাড়িতে ধান নিয়ে আসেন চাষিরা। নতুন ধান ঘরে তোলার পর ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন পাড়ায় চলে নবান্নের আয়োজন।
জুমিয়াদের সঙ্গে কথা বলে জানা গেছে, একটি পাহাড়ে জুম চাষের পর একই জমিতে আবার চাষ করতে সাধারণত তিন থেকে চার বছর বিরতি দিতে হয়। এ সময় পাহাড়ে প্রাকৃতিকভাবে বনজঙ্গল গড়ে ওঠে।
বাড়ে মাটির উর্বরতা। ফলে পরবর্তী মৌসুমে ভালো ফলনের সম্ভাবনা তৈরি হয়।
তবে সময়ের সঙ্গে বদলে যাচ্ছে জুম চাষের প্রচলিত পদ্ধতি। জনসংখ্যা বৃদ্ধি এবং চাষের উপযোগী পাহাড়ের সংখ্যা কমে আসায় অনেক জুমিয়াকে একই পাহাড়ে প্রতিবছর চাষ করতে হচ্ছে। এমন পরিস্থিতিতে আধুনিক কৃষিপদ্ধতি ও উন্নত চাষাবাদ কৌশল কাজে লাগাচ্ছেন অনেকে। এতে একই জমিতে বিরতি ছাড়াই ভালো ফলন পাওয়ার চেষ্টা করছেন তারা।
ঐতিহ্যবাহী জুম চাষে আধুনিক পদ্ধতির এই সংযোজন বদলে দিচ্ছে পাহাড়ের জুমিয়াদের চাষাবাদের চিত্র।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বান্দরবানে ২০২৩-২৪ অর্থবছরে জুম চাষ থেকে ধান উৎপাদিত হয়েছে ১০ হাজার ৪৮৯ দশমিক ৭১ মেট্রিক টন।
২০২৪-২৫ অর্থবছরে উৎপাদন বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৪৯৯ দশমিক ৪১ মেট্রিক টনে।
২০২৫-২৬ অর্থবছরে ১১ হাজার ৮৯৫ হেক্টর জমিতে জুম চাষের বিপরীতে ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৩ হাজার ৩৮৭ দশমিক ৯৩ মেট্রিক টন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু নাঈম মো. সাইফুউদ্দিন বাসসকে বলেন, চলতি বছর বান্দরবানে প্রায় ১১ হাজার ৮৯৫ হেক্টর জমিতে জুমের আবাদ হয়েছে।
উন্নত জাত যেমন ব্রি ধান ৯৮, ব্রি ধান ৪৮, এই জাতগুলো কিন্তু একটু বেশি ফলন দেয়। সমতলের জাতটা আমরা জুমে নিয়ে আসছি। এতে তারা কিন্তু ফলন একটু বেশি পাবে।
পাহাড়ের মানুষের কাছে জুমের প্রতিটি ধানগাছের সঙ্গে জড়িয়ে আছে পরিশ্রম, আবেগ আর বেঁচে থাকার গল্প। প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা এই চাষাবাদ শুধু পাহাড়ের খাদ্য নিরাপত্তাই নিশ্চিত করছে না, ধরে রেখেছে পাহাড়ের মানুষের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য। তাই আধুনিক কৃষির সঙ্গে সমন্বয় করে জুম চাষকে আরও উৎপাদনমুখী করার প্রত্যাশা স্থানীয়দের।
সংবাদ শিরোনাম
সবুজ পাহাড়ের গায়ে সোনালি ধানের সমারোহ
-
খবরপত্র ডেস্ক: - আপডেট সময় ১২:৪৩:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
- 6
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

























