ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলি লারিজানিকে হত্যার দাবি করেছে দখলদার ইসরাইল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ এ দাবি করেন। লারিজানির সঙ্গে একই হামলায় ইরানের বাসিজ ইউনিটের কমান্ডার গোলামরেজা সোলাইমানিও নিহত হয়েছেন বলে দাবি করেছে তেল আবিব। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে কাৎজ বলেন, ইসরাইলের রাতভর হামলায় আলি লারিজানি নিহত হয়েছেন বলে খবর পেয়েছেন তিনি। যদিও এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক মন্তব্য করেনি ইরান। তবে বার্তা সংস্থা মেহের ও তাসনিমের বরাতে বিবিসি জানিয়েছে, লারিজানির বিষয়ে শিঘ্রই বিবৃতি প্রকাশ করবে তেহরান।
ইসরাইলি বাহিনী সোমবার রাতে ইরানের রাজধানী তেহরান এবং শিরাজ ও তাব্রিজ শহরে একযোগে হামলা চালায়। এসব হামলায় তারা ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র ও কমান্ড সেন্টারগুলোকে নিশানা করার কথা জানিয়েছে। এর মধ্যেই তেহরানে লারিজানিকে নিশানা করে হামলা চালানোর কথা বলেছে ইসরাইলের সামরিক বাহিনী। তাদের দাবি, এই হামলাতেই লারিজানি নিহত হয়েছেন।