ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বৈষমোড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত এবং অন্তত ২০ জন আহত হয়েছেন।
সোমবার (৮ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ওই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া-গামী দিগন্ত পরিবহনের একটি লোকাল বাস (ব্রাহ্মণবাড়িয়া-ব ০৫-০০৫৫) মাধবপুর থেকে ব্রাহ্মণবাড়িয়ার দিকে আসছিল। পথে বৈষমোড়া এলাকায় দ্রুতগতিতে ওভারটেক করতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন এবং অন্তত ২০ জন যাত্রী আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত উদ্ধারকাজে অংশ নিয়ে আহতদের বাসের ভেতর থেকে বের করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠান। এ সময় মহাসড়কে কাজ করা একটি এসকেভেটর বাসের নিচে চাপা পড়া আহতদের উদ্ধারে সহায়তা করে।
খবর পেয়ে সরাইল ও বিজয়নগর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে অংশ নেন। তবে স্থানীয়দের দাবি, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই অধিকাংশ উদ্ধারকাজ সম্পন্ন হয়ে যায়।
হাটিখোলা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল বাতেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতরা হলেন— আরস আলী মুন্সি (৭০), পিতা মৃত ফজু মুন্সি, গ্রাম সাবাজপুর, থানা সরাইল, জেলা ব্রাহ্মণবাড়িয়া; মৌসুমী দাস (৩০), স্বামী সমর দাস, গ্রাম কাটিয়ারা, থানা মাধবপুর, জেলা হবিগঞ্জ; আলিফ হাসান (৮), পিতা সবুজ মিয়া; এবং তনস মজুমদার (২৩), পিতা সেতু মজুমদার, গ্রাম ইব্রাহিমপুর, থানা নবীনগর। তিনি আরও জানান, দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সংবাদ শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বাস উল্টে নিহত ৪, আহত ২০
-
শফিকুর রহমান শাহীন, ব্রাহ্মণবাড়িয়া - আপডেট সময় ০৬:৩৩:০৭ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
- 110
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















