শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন

তরমুজের বীজ খেলে যেসব উপকার পাবেন

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ২৮ মার্চ, ২০২৬

গরম পড়তেই বাজারে তরমুজ আসতে শুরু করেছে। অনেকেই এই সময় শরীরকে ঠান্ডা ও সতেজ রাখতে নিয়মিত তরমুজ খান। তরমুজে প্রায় ৯২ শতাংশ পানি থাকে, যা শরীরকে হাইড্রেট রাখতে দারুণ সাহায্য করে। এছাড়া তরমুজে প্রচুর ভিটামিন, আয়রন এবং খনিজ উপাদান থাকে, আর ক্যালোরির মাত্রাও তুলনামূলক কম। তাই ডায়াবেটিস রোগীরাও নিরাপদভাবে পরিমিত পরিমাণে তরমুজ খেতে পারেন।
তরমুজের বীজ শক্তিশালী পুষ্টি উৎস
অনেকেই তরমুজ খেতে খেতে এর বীজ গিলে ফেলেন বা ফেলে দেন। কিন্তু বিশেষজ্ঞদের মতে, এই বীজ ফেলে না দিয়ে বরং সচেতনভাবেই খাওয়া উচিত। কারণ এতে রয়েছে নানা ধরনের পুষ্টিগুণ, যা শরীরের জন্য উপকারী।
তরমুজের বীজে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে, যা রক্তচাপ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত পরিমিত পরিমাণে এই বীজ খেলে হৃদ্যন্ত্রের স্বাস্থ্য ভালো থাকে। পাশাপাশি এটি হজম শক্তি বাড়াতেও সাহায্য করে। অনেক সময় খাবার ঠিকমতো হজম না হলে অস্বস্তি তৈরি হয়, সে ক্ষেত্রে তরমুজের বীজ সহায়ক হতে পারে।
ত্বকের জন্য তরমুজের বীজের উপকারিতা
তরমুজের বীজ কেবল শরীরের স্বাস্থ্যই নয়, ত্বকের জন্যও ভালো। এতে থাকা পুষ্টি উপাদান ত্বকের বলিরেখা কমাতে ও প্রাকৃতিক উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে। নিয়মিত খেলে ত্বক সতেজ ও প্রাণবন্ত থাকে, যা গরমকালে বিশেষভাবে প্রয়োজন।
তরমুজের বীজ খাওয়ার সঠিক পদ্ধতি
তরমুজ খাওয়ার সময় বীজগুলো আলাদা করে সংগ্রহ করুন। ধুয়ে রোদে শুকিয়ে নিন। শুকিয়ে গেলে একটি শুকনো কড়াইয়ে হালকা করে ভাজুন। এই ভাজা বীজ ব্রেকফাস্টে বা দুপুরের খাবারের পর অল্প পরিমাণে খাওয়া যায়। যারা ওজন কমানোর চেষ্টা করছেন, তারা বিকেলের নাস্তা হিসেবে বীজ খেতে পারেন। এতে ক্ষুধা কম থাকে এবং অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে যায়, ফলে ওজন নিয়ন্ত্রণে রাখা সহজ হয়।
তরমুজের বীজ বেটে ভাতের সঙ্গে মিশিয়েও খাওয়া যায়। এতে হজম ক্ষমতা বৃদ্ধি পায় এবং শরীর প্রয়োজনীয় পুষ্টি পায়। নিয়মিত বীজ খেলে শরীর সুস্থ থাকে, ত্বক উজ্জ্বল হয় এবং হজম শক্তি উন্নত হয়।
তরমুজের বীজ খেলে শরীর থাকবে সতেজ, ত্বক থাকবে উজ্জ্বল এবং ওজন নিয়ন্ত্রণে সাহায্য মিলবে। শুধু তরমুজ নয়, এর বীজও স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য অপরিহার্য।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া, হেলথশটস




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com