সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে তথাকথিত ‘লকডাউন’ কর্মসূচি ঘোষণা করে মাঠে কোনো ধরনের দৃশ্যমান উপস্থিতি দেখাতে পারেনি কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন ফ্যাসিস্ট আওয়ামী লীগ। ভারত থেকে দিল্লির মদদে ও আশ্রয়ে পলাতক নেতৃত্বের দেওয়া এই কথিত কর্মসূচি সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করেছে দেশের সাধারণ মানুষ। দুয়েকটি বিচ্ছিন্ন স্থানে রাতের আঁধারে চোরাগোপ্তা হামলা, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের মতো নাশকতামূলক চেষ্টা ছাড়া গোটা দেশের চিত্র ছিল পুরোপুরি স্বাভাবিক ও কর্মব্যস্ত। গতকাল বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানী ঢাকাসহ সারাদেশের রাস্তাঘাট, অফিস-আদালত, কলকারখানা, শিক্ষাপ্রতিষ্ঠান ও হাটবাজার ছিল প্রাণবন্ত। অন্যদিকে, নাশকতাকারী আওয়ামী সন্ত্রাসীদের প্রতিহত করতে সারাদিন মাঠে তৎপর ছিল বিএনপি ও ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর নেতাকর্মীরা। কোথাও কোথাও নাশকতার বিচ্ছিন্ন চেষ্টা হলেও তাদের হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করেন তারা।
সরেজমিনে দেখা যায়, কথিত লকডাউনকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে কোনো শঙ্কা বা ভীতি কাজ করেনি। ভোর থেকেই গণপরিবহন, রিকশা, সিএনজি ও ব্যক্তিগত যানবাহন স্বাভাবিক নিয়মে চলাচল করেছে। কর্মজীবী মানুষ নিজ নিজ কর্মস্থলে যোগ দিয়েছেন। ব্যবসাপ্রতিষ্ঠান ও বিপণিবিতানগুলো যথারীতি খোলা ছিল এবং ক্রেতা-বিক্রেতাদের সরব উপস্থিতিতে মুখর ছিল নগর ও জনপদ। রাজনৈতিক বিশ্লেষক ও সাধারণ নাগরিকদের মতে, জনরোষের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া এবং গণহত্যার মতো গুরুতর অভিযোগে অভিযুক্ত একটি নিষিদ্ধ সংগঠনের অনলাইনভিত্তিক ফাঁকা আওয়াজে দেশের মানুষ কান দেয়নি।
সংশ্লিষ্ট সূত্রের ভাষ্যমতে, দেশবিরোধী ষড়যন্ত্রের অংশ হিসেবে ভারতীয় প্রক্সি সংগঠন হিসেবে পরিচিত এই নিষিদ্ধ দলটি সীমান্তের ওপার থেকে নানা ধরনের উসকানি ও অপপ্রচার চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় সামাজিক যোগাযোগমাধ্যমে লকডাউনের ডাক দেওয়া হলেও রাজপথে নেমে কর্মসূচি পালনের মতো কোনো সাংগঠনিক শক্তি বা জনবল তাদের ছিল না। বরং দিনের আলোয় জনসমর্থন না পেয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করতে রাতের অন্ধকারে গোপন তৎপরতা চালানোর কৌশল বেছে নেয় আওয়ামী সন্ত্রাসীরা।
দেশব্যাপী স্বাভাবিক চিত্র দেখা গেলেও নিষিদ্ধ এই সংগঠনের রাজনৈতিক তীর্থস্থান হিসেবে পরিচিত গোপালগঞ্জে ভারতীয় প্রক্সি সন্ত্রাসীদের ব্যাপক তাণ্ডব ও সহিংসতার ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্র জানায়, টানা কয়েকদিনের মতো আজও সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি ও জনজীবন ব্যাহত করার অপচেষ্টা অব্যাহত রয়েছে। ফেসবুক লাইভে মানুষ হত্যার কুখ্যাত ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জেলার একাধিক থানা ও সরকার দলীয় এমপিদের বাসাবাড়িতে আগুন, ভাংচুর ও লুটপাট চালাতে দেখা গেছে গণহত্যাকারী হাসিনার হিংস্র বাহিনীকে। এমনকি হাসপাতালও ছাড় পায়নি মানবতাবিরোধী আওয়ামী লীগের সন্ত্রাসীদের হাত থেকে। এ ছাড়াও, দেশের বিভিন্ন স্থানে রাতের আঁধারে চোরাগোপ্তা হামলা, ককটেল বিস্ফোরণ এবং যানবাহন ও স্থাপনায় অগ্নিসংযোগের মতো দুয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ঘটে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ও স্থানীয় জনগণের প্রতিরোধে এসব নাশকতার অপচেষ্টা বড় ধরনের কোনো বিপর্যয় ঘটাতে পারেনি।
নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, প্রকাশ্যে কর্মসূচি পালনে ব্যর্থ হয়ে কাপুরুষোচিতভাবে রাতের আঁধারে ককটেল নিক্ষেপ ও অগ্নিসংযোগের পথ বেছে নিয়েছে দুষ্কৃতকারীরা। এর উদ্দেশ্য ছিল গণমাধ্যমে নেতিবাচক খবর তৈরি করে দেশে অস্থিতিশীলতা বিরাজ করছে—এমন একটি ভ্রান্ত ধারণা সৃষ্টি করা। কিন্তু বাস্তবতা ছিল এর সম্পূর্ণ উল্টো। দিনের আলোয় সারাদেশের স্বাভাবিক জীবনযাত্রা ও মানুষের স্বতঃস্ফূর্ত কর্মচাঞ্চল্য সেই অপচেষ্টাকে নস্যাৎ করে দিয়েছে।বিভিন্ন জেলা ও উপজেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যানুযায়ী, সকাল থেকেই রাজধানী ঢাকাসহ দেশের প্রধান মহাসড়ক, নৌপথ, বন্দর ও শিল্পাঞ্চলগুলোতে নিত্যদিনের মতোই প্রাণচাঞ্চল্য লক্ষ্য করা গেছে। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত চলাচল, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থা এবং রাজপথে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সক্রিয় অবস্থানের কারণে নিষিদ্ধ সংগঠনটির আত্মগোপনে থাকা নেতাকর্মীদের প্রকাশ্যে কোথাও দেখা যায়নি।
রাজধানী ঢাকার মতিঝিল, গুলিস্তান, ফার্মগেট, মিরপুর, উত্তরা ও যাত্রাবাড়ীসহ গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে দেখা যায়, সকাল থেকেই যানবাহনের চাপ ছিল স্বাভাবিক দিনের মতোই। অফিসগামী মানুষের ব্যস্ততা, স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের যাতায়াত এবং বাজারগুলোতে নিত্যপণ্যের কেনাবেচা চলেছে নির্বিঘ্নে। স্থানীয় ব্যবসায়ীরা জানান, কোনো ধরনের বাধা বা অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন না হয়েই তারা দোকানপাট খুলেছেন এবং স্বাভাবিক বেচাকেনা করেছেন।
একই চিত্র দেখা গেছে চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, রংপুর ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলায়। দূরপাল্লার বাস ও ট্রেন চলাচল ছিল স্বাভাবিক। বন্দর ও শিল্পাঞ্চলগুলোতে শ্রমিকরা যথারীতি কাজে যোগ দিয়েছেন। সাধারণ মানুষের ভাষ্য, যারা দেশের মানুষকে জিম্মি করে ক্ষমতা আঁকড়ে রাখতে চেয়েছিল এবং গণহত্যার মতো ন্যক্কারজনক কর্মকাণ্ডে জড়িয়েছিল, বিদেশে বসে তাদের দেওয়া কোনো কর্মসূচি এ দেশের মানুষ মেনে নেবে না।
নাগরিক সমাজের প্রতিনিধিদের মতে, দিল্লির মদদে পরিচালিত এই ধরনের তৎপরতা দেশের সার্বভৌমত্ব ও স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ। তবে দেশের মানুষ যেকোনো ষড়যন্ত্র ও নাশকতার বিরুদ্ধে সচেতন এবং ঐক্যবদ্ধ। কথিত লকডাউনকে উপেক্ষা করে মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় অংশগ্রহণ প্রমাণ করেছে যে, জনগণ সহিংসতা ও নৈরাজ্যের রাজনীতিকে চূড়ান্তভাবে প্রত্যাখ্যান করেছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দেশের গুরুত্বপূর্ণ পয়েন্ট, মহাসড়ক ও জনগুরুত্বপূর্ণ স্থাপনায় সতর্ক অবস্থানে ছিলেন। যেকোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা কঠোর হাতে দমনের জন্য টহল ও নজরদারি জোরদার করা হয়। গোয়েন্দা সংস্থাগুলোও অনলাইন ও অফলাইনের সন্দেহভাজন তৎপরতার ওপর কড়া নজর রাখছে। গত কয়েকদিন থেকে একের পর এক গ্রেপ্তার হচ্ছে নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নি ও ককটেল সন্ত্রাসের সমন্বয়ক ও শীর্ষ নেতারা। বিশ্লেষকরা বলছেন, অনলাইনে লকডাউনের হুংকার দিলেও রাজপথে কোনো শক্তি প্রদর্শন করতে পারেনি নিষিদ্ধ আওয়ামী লীগ। গোপালগঞ্জে তাণ্ডব এবং বিভিন্ন স্থানে রাতের আঁধারে দুয়েকটি বিচ্ছিন্ন চোরাগোপ্তা হামলা, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটলেও সারাদেশের মানুষ তা উপেক্ষা করে স্বাভাবিক ও কর্মব্যস্ত একটি দিন পার করেছে। জনগণের এই দৃঢ় অবস্থান ও স্বাভাবিক জীবনযাত্রাই স্পষ্ট করে দিয়েছে যে, ষড়যন্ত্র ও নাশকতার মাধ্যমে দেশকে অচল করার অপচেষ্টা সফল হওয়ার নয়।
সংবাদ শিরোনাম
বিচ্ছিন্ন চোরাগোপ্তা জঙ্গিহামলা ছাড়া জনজীবন স্বাভাবিক
জনবিচ্ছিন্ন গণহত্যার দায়ে নিষিদ্ধ আ’লীগ
-
খবরপত্র ডেস্ক: - আপডেট সময় ০৯:২১:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
- 1
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ





















