দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর প্রায় সাত মাস আগে নিজ ইচ্ছায় ঘর ছেড়ে মাহাদি হাসানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সাদিয়া সুলতানা পুষ্প(১৮)। বিয়ের পর ঢাকা ছেড়ে স্বামীর গ্রামের বাড়িতে ফিরে সংসার শুরু করেন তারা। কিন্ত বিধি বাম, পুষ্প‘র মায়ের করা অপহনের মামলায় বিজ্ঞ আদালতে হাজিরা দিয়ে সময় পার করছেন পুষ্প‘র স্বামী ও তার পরিবার। তবে এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে এবার নিজ বাবা-মায়ের বিরুদ্ধেই অভিযোগ তুলেছেন সাদিয়া সুলতানা পুষ্প। এ ঘটনাটি নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের পুকুরিয়াকান্দা গ্রামে। পুষ্পর পৈতৃক বাড়ি কুমিল্লা জেলার তিতাস থানার গোবিন্দপুর গ্রামে। এনিয়ে বুধবার (৬ মে) বিকেলে স্বামীর বাড়ি পুকুরিয়াকান্দায় এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সাদিয়া সুলতানা পুষ্প। সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি নিজ পছন্দে ও স্বেচ্ছায় আমার স্বামীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছি এবং বর্তমানে সুখে সংসার করছি। আমার বয়স হয়েছে, সব বুঝে-শুনেই বিয়ে করেছি। আমি আমার বাবা-মাকে বহুবার মামলা তুলে নিতে বলেছি, কিন্তু তারা তা করছেন না। বরং আমার স্বামীর পরিবারকে বিভিন্ন ভাবে হয়রানি করছেন। আমার বাবা-মা যে অপহরণের মামলা করেছেন, তা সম্পূর্ণ মিথ্যা। আমি অপহরণ হইনি। আমি যদি নিজে না চাইতাম বা আমার মতের বিরুদ্ধে জোর করে বিয়ে হতো, তাহলে এটাকে অপহরণ বলা যায়। কিন্তু আমি প্রাপ্তবয়স্ক, নিজের সিদ্ধান্তেই মাহাদি হাসানকে বিয়ে করেছি। পুষ্প আরও বলেন, আমার শ্বশুরবাড়ির লোকজন আমাকে নিজের মেয়ের মতো স্নেহ ও যতেœ রেখেছেন। আমি বর্তমানে সাত মাসের অন্তঃসত্ত্বা। আমার বাবা-মা বলছেন, সন্তান নষ্ট করে হলেও আমাকে নিয়ে যাবেন। তাদের মামলার কারণে আমার স্বামী-শ্বশুর মানসিক ও শারীরিকভাবে চাপে আছেন। সংবাদ সম্মেলনে তার বাবা-মায়ের প্রতি অনুরোধ জানিয়ে পুষ্প বলেন, আমি আপনাদের সন্তান। আমি নিজ ইচ্ছেয় পালিয়ে এসে বিয়ে করেছি এটা আমার অপরাধ, কিন্তু তাই বলে এভাবে আমার জীবন নষ্ট করে দিও না। আমি খুবই সুখে আছি, দয়া করে মামলাটি তুলে নাও, আমাকে শান্তিতে থাকতে দাও। সংবাদ সম্মেলনে, পুষ্প‘র স্বামী মাহাদি হাসান, শ্বশুর হালিম খান ও শাশুড়ি মর্জিনা আক্তার সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। এনিয়ে পুষ্প‘র বাবার মুঠোফোনে বারংবার যোগাযোগ করা হলে উনার ফোন বন্ধ পাওয়া যায়।
সংবাদ শিরোনাম
নিজ পছন্দে বিয়ে, বাবা-মা করলেন অপহরণের মামলা
-
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি - আপডেট সময় ০২:৩৯:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
- 200
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ



















