চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের উত্তর টরকী গ্রামে সড়ক উন্নয়ন প্রকল্পের কাজ চলাকালে এক প্রবাসী পরিবারের বাড়ির সীমানা প্রাচীর (দেওয়াল) জোরপূর্বক ভেঙে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার দুপুরে উত্তর টরকী নাজিমুদ্দিন সরকার বাড়ির সামনে সড়কে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারী এলাকাবাসী ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনা, ক্ষতিপূরণ প্রদান এবং ভাঙা দেওয়াল পুনর্র্নিমাণের দাবি জানান। কর্মসূচির আয়োজন করে উত্তর টরকী গ্রামের সর্বস্তরের জনসাধারণ। স্থানীয় সূত্রে জানা যায়, টরকী বাজার-ইঞ্জিনিয়ার শান্তি সরকার বাড়ি-সুলতানাবাদ ইউপি অফিস-নন্দলালপুর বাজার সড়ক পুনর্বাসন প্রকল্পের আওতায় চলমান উন্নয়ন কাজের সময় উত্তর টরকী গ্রামের মৃত রুহুল আমিন সরকারের বাড়ির সীমানা প্রাচীর ভেঙে ফেলা হয়। প্রকল্পটি চট্টগ্রাম বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্প (সিডব্লিউডিএসপি)-এর অধীনে বাস্তবায়িত হচ্ছে। মৃত রুহুল আমিন সরকারের ছেলে ও প্রবাসী মাসুদ সরকার অভিযোগ করেন, তারা তিন ভাই বিদেশে অবস্থান করার সুযোগ নিয়ে ঠিকাদার স্বপন দেওয়ানজী তাদের সীমানা প্রাচীর ভেঙে ফেলেছেন। তিনি দাবি করেন, তাদের সীমানা রাস্তার নির্ধারিত অংশের বাইরে ছিল এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রাচীরটি ভাঙা হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, প্রকল্প সংশ্লিষ্টদের পক্ষ থেকে তাদের কাছে ৫ লাখ টাকা দাবি করা হয়েছিল। ওই টাকা না দেওয়ায় তাদের দেওয়াল ভেঙে ফেলা হয়েছে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, অনেকের স্থাপনা রাস্তার ভেতরে থাকা সত্ত্বেও সেগুলো অপসারণ করা হয়নি। মানববন্ধনে বক্তারা বলেন, উন্নয়ন কর্মকা-ের নামে কোনো ব্যক্তির সম্পত্তি জোরপূর্বক ধ্বংস করা আইনসঙ্গত নয়।
প্রকল্প বাস্তবায়নের প্রয়োজনে কোনো স্থাপনা অপসারণ করতে হলে সংশ্লিষ্ট মালিককে নোটিশ প্রদান, আইনানুগ প্রক্রিয়া অনুসরণ এবং প্রয়োজনীয় ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে। এলাকাবাসী ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের বিচার এবং ক্ষতিগ্রস্ত পরিবারের ন্যায্য ক্ষতিপূরণের দাবি জানান। তবে অভিযোগের বিষয়ে ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধি স্বপন দেওয়ানজীর বক্তব্য জানার চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সংবাদ শিরোনাম
লাখ টাকা না দেওয়ায় দেওয়াল ভাঙচুরের অভিযোগ, মতলব উত্তরে ঠিকাদারের বিরুদ্ধে মানববন্ধন
-
মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি - আপডেট সময় ১২:২৪:০৮ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
- 144
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ



















