৩১ মার্চ ২০২৬, মঙ্গলবার রাতে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অতিরিক্ত দামে ডিজেল বিক্রি ও অবৈধ মজুদের অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। গোয়েন্দা সংস্থা এনএসআই এর তথ্য ও পরোক্ষ সহযোগিতায়, উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি)আল আমিন হালদার। অভিযানে “মেসার্স কালিদাস সাহা” নামক প্রতিষ্ঠানকে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ডিজেল বিক্রি এবং অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করার প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬ অনুযায়ী একটি মামলায় মোট ৩০,০০০ টাকা অর্থদ- আদায় করা হয়। অভিযান চলাকালে শুধু জরিমানা দিয়েই থেমে থাকেনি প্রশাসন; বরং পুরো পাটগাতি বাজার এলাকায় বাজার মনিটরিং কার্যক্রম জোরদার করা হয়। খোলা বাজারে জ্বালানি তেলের মজুদ, সরবরাহ ও বিতরণ ব্যবস্থাও নিবিড়ভাবে তদারকি করা হয়, যাতে কোনো অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করতে না পারে। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, টুঙ্গিপাড়ায় নিয়মিতভাবে বিভিন্ন আইনের আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো: সড়ক পরিবহন আইন, ২০১৮ কৃষি বিপণন আইন, ২০১৮ পেট্রোলিয়াম আইন, ২০১৬ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বাজারে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা, ভোক্তাদের অধিকার নিশ্চিত করা এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। স্থানীয় সচেতন মহল প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছে, নিয়মিত নজরদারি থাকলে বাজারে অস্থিরতা কমবে এবং সাধারণ মানুষ ন্যায্যমূল্যে পণ্য ক্রয়ের সুযোগ পাবে।