ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় প্রীতি ফুটবল ফাইনাল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে উপজেলার বুধন্তি ইউপির শশই এলাকায় শশই মধ্যপাড়া ও শশই কোনার বাড়ি দলের মধ্যে এই ফাইনাল খেলার আয়োজন করা হয়। খেলায় বিজয়ী দলের জন্য একটি গরু এবং রানার্সআপ দলের জন্য একটি ছাগল (খাসি) পুরস্কার নির্ধারণ করা হয়েছিল। খেলার প্রথমার্ধে শশই কোনার বাড়ি দল একটি গোল করে এগিয়ে যায়। তবে খেলা শেষ হওয়ার মাত্র তিন মিনিট আগে আরেকটি গোলকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় শশই মধ্যপাড়া দলের গোলরক্ষক হাতে আঘাত পায়। পরে তাকে মাঠের বাইরে নেওয়ার চেষ্টা করলে খেলার উদ্যোক্তা, সৌদি প্রবাসী ইব্রাহিম মাঠে নেমে বাধা দেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনাকে কেন্দ্র করে দুই দলের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে প্রথমে বাকবিত-া শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। উভয় পক্ষ চেয়ার ও মাঠের খুঁটি দিয়ে মারামারিতে জড়িয়ে পড়ে। পরবর্তীতে বিজয়ী দলের গরু ও ছাগল নিয়ে টানাটানি শুরু হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। সংঘর্ষটি পরে শশই মধ্যপাড়া ও শশই কোনার বাড়ি এলাকার লোকজনের মধ্যেও ছড়িয়ে পড়ে। এতে অন্তত ১৫ জন আহত হন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এ বিষয়ে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ এ কে ফজলুল হক জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি আরো বলেন, রেফারির সিদ্ধান্তকে কেন্দ্র করেই ঘটনার সূত্রপাত হয়েছে। এখন পর্যন্ত কোন দলের পক্ষ থেকে কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।