মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, ‘সে বলল, ‘বরং তাদের এ বড় মূর্তিটিই এ কাজ করেছে। তাই এদেরই জিজ্ঞাসা কর, যদি এরা কথা বলতে পারে।’ (সুরা : আম্বিয়া, আয়াত : ৬৩)
সংক্ষিপ্ত ব্যাখ্যা : ইবরাহিম (আ.) যখন তার সম্প্রদায়কে সত্যের দিকে আহ্বান করার লক্ষে সব মূর্তি ভেঙে শুধুমাত্র বড় মূর্তিটি রেখে দেন তখন এঘটনা তারা জানতে পেরে ইবরাহিম (আ.)-কে উপস্থিত করে জনসমক্ষে জিজ্ঞাসা করে। ইবরাহিম (আ.) উত্তর দেন যে, এ কাজ তো বড় মূর্তিটিই করেছে।
যদি এই ভাঙা মূর্তিগুলো কথা বলতে পারে, তাহলে এদেরই জিজ্ঞেস করা হোক। ইবরাহিম (আ.) তিরস্কারস্বরূপ তাদের একথা বলেছিলেন, যাতে তারা জানতে পারে যে, যারা কথা বলার ক্ষমতা রাখে না, বা কোনো জিনিস সম্পর্কে কোনো খবর রাখে না, তারা আবার কি করে ইলাহ বা উপাস্য হতে পারে? তাই তাদের ‘উপাস্য’ বলাই সঠিক নয়। (তাফসিরে আহসানুল বায়ান)
রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘ইবরাহিম (আ.) তিন জায়গা ব্যতীত কোনো দিন মিথ্যা কথা বলেননি। তার মধ্যে দুটি মিথ্যা শুধুমাত্র আল্লাহর জন্যে বলেছেন।
একটি হলো, (بَلْ فَعَلَهُ كَبِيرُهُمْ) ‘বরং তাদের বড় মূর্তিটিই তো এটা করেছে’ বলা। দ্বিতীয়টি ঈদের দিনে তাঁর সম্প্রদায়ের কাছে ওজর পেশ করে (إِنِّي سَقِيمٌ) ‘আমি অসুস্থ’ বলা আর তৃতীয়টি স্ত্রী সারাহ-কে নিয়ে একবার সফরে এক জনপদের পাশ দিয়ে গমন করছিলেন। জনপদের নেতা ছিল অত্যাচারী এবং ব্যভিচারী। সে কোনো ব্যক্তির সঙ্গে তার স্ত্রীকে দেখামাত্র সে স্বামীকে হত্যা করত আর তার স্ত্রীকে ধরে নিয়ে গিয়ে তার সঙ্গে ব্যভিচার করত।
কিন্তু কোনো কন্যা পিতার সঙ্গে কিংবা বোন ভাইয়ের সঙ্গে থাকলে সে তখন এমনটা করত না।
ইবরাহিম (আ.) স্ত্রীসহ এই জনপদে পৌঁছলে কেউ একজন এ খবর ঐ ব্যভিচারী নেতার কাছে পৌঁছে দেয়। সে তখন সারাহ (আ.)-কে গ্রেপ্তার করে নিয়ে আসে। ইবরাহিম (আ.)-এর সঙ্গে এই মহিলার আত্মীয়তার সম্পর্ক কি জিজ্ঞেসা করা হলে ইবরাহিম (আ.) অত্যাচারীর কবল থেকে আত্মরক্ষার জন্য বলেন যে, সে আমার বোন। (এটা ইবরাহিম (আ.)-এর বলা তৃতীয় মিথ্যা) (সহিহ বুখারি, হাদিস নং : ৩৩৫৮)
এই হাদিসে ইবরাহিম (আ.)-এর দিকে পরিষ্কারভাবে তিনটি মিথ্যার কথা বলা হয়েছে।
এ ব্যাপারে কোন কোন আলেমের ব্যাখ্যা হলো যে, তিনটির মধ্যে একটিও সত্যিকার অর্থে মিথ্যা ছিল না। বরং এটা ছিল অলংকার শাস্ত্রের পরিভাষায় ‘তাওরিয়া’। এর মানে হলো, শ্রোতা কর্তৃক এক অর্থ বোঝা ও বক্তার নিয়তে অন্য অর্থ থাকা। জুলুম থেকে আত্মরক্ষার জন্যে ফিকাহবিদদের সর্বসম্মত মতে এই কৌশল অবলম্বন করা জায়েজ ও বৈধ। এটা মিথ্যার অন্তর্ভুক্তও নয়। বোন বলার একটি কারণ এটাও হতে পারে যে, মুমিনরা সবাই ইসলামী সম্পর্কের দিক দিয়ে ভাই-বোন। বলাবাহুল্য এটাই ‘তাওরিয়া’। (তাফসিরে জাকারিয়া)
হুবহু এমনি ধরনের কারণ প্রথমোক্ত দুই জায়গায় বলা যায় যে, অসুস্থ শব্দটি যেমন শারীরিক অসুস্থতার ক্ষেত্রে প্রযোজ্য হয়, তেমনি মানসিক অসুস্থতা অর্থাৎ চিন্তিত ও অবসাদগ্রস্থ হওয়ার অর্থেও ব্যবহৃত হয়। ইবরাহিম (আ.) দ্বিতীয় অর্থেই ‘আমি অসুস্থ’ বলেছিলেন, কিন্তু শ্রোতারা একে শারীরিক অসুস্থতার অর্থে বুঝেছিলেন। মূর্তি ভাঙার কাজটিতে তিনি যে ভাঙার কাজটি বড় মূর্তির দিকে সম্পর্কযুক্ত করেছিলেন এ ব্যাপারে আলেমরা বলেন যে, এক. ইবরাহিম (আ.)-এর এ কথাটি ধরে নেওয়ার পর্যায়ে ছিল; অথাৎ তোমরা এ কথা ধরেই নাও না কেন যে, এ কাজ বড় মুর্তিটিই করেছে। ধরে নেওয়ার পর্যায়ে বাস্তববিরোধী কথা বলা মিথ্যার আওতায় পড়ে না।
২. কোনো কোনো মুফাসসিরের মতে, মূলত বড় মূর্তিটি ইবরাহিম (আ.)-কে একাজ করতে উদ্ধৃদ্ধ করেছিল। কারণ তাঁর সম্প্রদায় এই মূর্তির প্রতি অনেকবেশি সম্মান প্রদর্শন করত। আর এ কারণেই বিশেষভাবে বড়টির কথা উল্লেখ করা হয়েছে।(ফাতহুল কাদির)
তবে এ ব্যাপারে সব আলেমরা একমত যে, নবী-রাসুলরা কখনো নবুওয়ত ও দ্বীন প্রচার-প্রসার সংক্রান্ত ব্যাপারে মিথ্যার আশ্রয় নেননি। তারা সবচেয়ে বেশি সত্যবাদী ছিলেন। (ইবন তাইমিয়্যাহ, আল-জাওয়াবুস সহিহ, খন্ড : ১, পৃষ্ঠা : ৪৪৬, তাফসিরে জাকারিয়া)
শিক্ষা ও বিধান
১. ইবরাহিম (আ.) একমাত্র আল্লাহর ইবাদতের প্রতি অটল ছিলেন। সমাজের বিরোধিতা সত্ত্বেও তিনি শিরকের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন।
২. মূর্তি মানুষের কোনো উপকার বা অপকার করতে পারে না। তাই এগুলো ইবাদতের উপযুক্ত নয়।
৩. ইবরাহিম (আ.) নিজের জাতির ভ্রান্ত আকিদার বিরুদ্ধে নির্ভয়ে অবস্থান নিয়েছিলেন। তাই সত্যের পথে চলতে শুধু প্রয়োজন অদম্য সাহস।
৪. বাতিল ও মিথ্যা প্রতিহত করতে বৈধ ও প্রজ্ঞাপূর্ণ কৌশল অবলম্বন করা জরুরি। কেননা ইবরাহিম (আ.) সরাসরি সংঘর্ষের পরিবর্তে এমন একটি পদ্ধতি গ্রহণ করেছিলেন, যা তাঁর জাতিকে সত্য নিয়ে চিন্তা করতে বাধ্য করেছিল।
৫. সামাজিক চাপের কাছে নতি স্বীকার করা উচিত নয়। যদিও পুরো সমাজ মূর্তিপূজায় লিপ্ত ছিল, তবুও ইবরাহিম (আ.) সত্য থেকে পিছপা হননি।
সংবাদ শিরোনাম
ইবরাহিম (আ.)-এর কৌশল অবলম্বন
-
ইসলামী জীবন ডেস্ক - আপডেট সময় ০৯:০২:৩৯ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
- 165
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ
























