রবিউল আউয়াল হিজরি বর্ষের তৃতীয় মাস। প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনের সঙ্গে জড়িয়ে থাকার কারণে মাসটি অতি সম্মানিত ও তাৎপর্যম-িত। নবীজির (সা.) জন্ম হয়েছিল এই মাসে, তিনি হিজরত করেছিলেন এই মাসে এবং তাঁর ওফাতও হয়েছিল এই মাসে। এই মাস এলে ইমানদার মুসলমান ও আশেকে রাসুলগণের হৃদয়ে নবীপ্রেমের ঢেউ খেলে যায়।
ইসলামপূর্ব আরব ছিল চরম উচ্ছৃঙ্খলতা, পাপাচার, ব্যভিচার, মিথ্যা, হত্যা, লুণ্ঠন, মদ্যপান ও জুয়ায় ভরপুর। নানা অপকর্ম, অন্যায়-অপরাধ, দ্বন্দ্ব-সংঘাত, মারামারি-হানাহানি, সন্ত্রাস-নৈরাজ্য, নৈরাশ্য আর হাহাকার বিরাজ করত সবদিকে। ধর্মের নামে সর্বত্র বিরাজ করত শিরক, কুফর আর ধর্মহীনতা। নারীসমাজ পরিণত হয়েছিল ভোগ্যপণ্যে। তাদের ব্যবহার করা হতো আসবাবপত্রের মতো। তাদের ছিল না কোনো অধিকার, ছিল না কোনো মর্যাদা ও সম্মান। কন্যাসন্তান হলে জীবন্ত মাটিতে পুঁতে ফেলা হতো।
এমন এক অন্ধকার সময়ে মানবতার মুক্তির দিশারী, সর্বশ্রেষ্ঠ মহামানব এবং সর্বশেষ নবী ও রাসুল হিসেবে হজরত মুহাম্মদ (সা.) সমগ্র জাহানের হিদায়েতের জন্য আবির্ভূত হন। আল্লাহ তাআলা বিশ্বমানবতার জন্য এক অনন্য রহমতস্বরূপ রাসুলকে (সা.) এই দুনিয়ায় প্রেরণ করেন।
৫৭০ খ্রিস্টাব্দের ১২ই রবিউল আউয়াল, সোমবার সুবহে সাদিকের সময় পবিত্র মক্কায় নবীজি হজরত মুহাম্মাদের (সা.) জন্ম হয়; তিনি এই ধুলার ধরায় তাশরিফ আনেন।
মহানবী হজরত মুহাম্মদ (সা.) ছিলেন শান্তির মূর্ত প্রতীক। যুদ্ধ পরিহার করে শান্তি প্রতিষ্ঠার জন্য তিনি বিভিন্ন গোত্র ও জনগোষ্ঠীর সঙ্গে শান্তিচুক্তি স্থাপন করেন। তৎকালীন আরবের বিভিন্ন গোত্রে হিংসা-বিদ্বেষ, যুদ্ধবিগ্রহ লেগেই থাকত। তিনি দল-মত-গোত্র-জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার মাঝে শান্তিচুক্তি ও সন্ধি স্থাপনের মধ্য দিয়ে ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে সন্ত্রাসমুক্ত ও শান্তিপূর্ণ সমাজ গঠন করেন।
তৎকালীন আরবের বর্বর লোকেরা নারীজাতিকে ভোগবিলাসের বস্তু ছাড়া কিছুই মনে করত না। মনুষ্যত্বহীন পিতারা নিজ কন্যাসন্তানকে মাটিতে জীবন্ত পুঁতে ফেলতেও দ্বিধাবোধ করত না। মহানবী (সা.) এসে অধিকারবঞ্চিত নারীজাতির অধিকার ও জীবনের নিরাপত্তা নিশ্চিত করেন। জুলুম-নিপীড়ন থেকে তাদের মুক্তি দান করেন। তিনি ঘোষণা করেন, ‘নারী কেনাবেচার বস্তু ও ভোগ্যসামগ্রী নয়।’ তিনি ঘোষণা দেন, ‘কন্যাসিশু হত্যা ইসলামে জঘন্য পাপ।’ তিনি এতিম-অনাথদের স্বার্থ রক্ষা করার নির্দেশ দেন এবং তাদের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করতে নিষেধ করেন।
নবীজি (সা.) কন্যাসন্তানকে স্বামী ও বাবার সম্পত্তির উত্তরাধিকারী করেন। পিতার ওপর কন্যার লালন-পালন এবং স্বামীর ওপর স্ত্রীর ভরণপোষণকে বাধ্যতামূলক করেন। স্বামীর ওপর মোহরানা দেওয়া আবশ্যক করেন। তালাকপ্রাপ্ত ও বিধবা নারীদের ন্যায্য অধিকার দেওয়ার নির্দেশ দেন।
মানবতার মুক্তির দূত প্রিয় নবীজির (সা.) আদর্শের প্রভাবে কিছুদিনের মধ্যেই জাহেলিয়াতের অন্ধকার দূরীভূত হয়ে যায়। মানুষে মানুষে ভেদাভেদ দূর হয়ে সাম্য প্রতিষ্ঠিত হয়। মহানবী (সা.) বিদায় হজের ভাষণে ঘোষণা করেন, ‘আরবের ওপর অনারবের, অনারবের ওপর আরবের, শ্বেতাঙ্গের ওপর কৃষ্ণাঙ্গের, কৃষ্ণাঙ্গের ওপর শ্বেতাঙ্গের কোনো শ্রেষ্ঠত্ব ও মর্যাদা নেই।’
লেখক: প্রাবন্ধিক ও ব্যাংকার
সংবাদ শিরোনাম
মহানবীর (সা.) আদর্শ ও শিক্ষা
-
ইসলাম ডেস্ক: - আপডেট সময় ১২:৩৮:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
- 111
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ


























